দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের গুরুত্বপূর্ণ রায়ে বড় স্বস্তি পেলেন প্রাক্তন বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। সোমবার মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় তাঁকে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত। একই মামলায় অব্যাহতি পেয়েছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সহকারী সচিব তথা সহ-অভিযুক্ত বিনোদ তোমার।
রায় ঘোষণার পর ব্রিজভূষণ শরণ সিং বলেন, অভিযোগ ওঠার প্রথম দিন থেকেই তিনি নিজের নির্দোষ হওয়ার দাবি করেছিলেন। তাঁর বক্তব্য, “আমি আগেই বলেছিলাম, অভিযোগ প্রমাণিত হলে স্বেচ্ছায় ফাঁসিতে ঝুলব। আজ আদালত আমাকে খালাস করেছে এবং ‘সম্মানজনকভাবে খালাস’ শব্দটি ব্যবহার করেছে। যা হওয়ার হয়ে গিয়েছে।”
উল্লেখ্য, ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি থাকাকালীন একাধিক মহিলা কুস্তিগিরকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে ব্রিজভূষণের বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পর দেশের শীর্ষস্থানীয় কুস্তিগিররা দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন আন্দোলন চালান এবং তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন। আন্দোলনের জেরে দিল্লি পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে।
তদন্ত শেষে ২০২৩ সালের ১৫ জুন প্রায় দেড় হাজার পাতার চার্জশিট আদালতে জমা দেয় দিল্লি পুলিশ। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া একাধিক মহিলা কুস্তিগির অভিযোগ করেছিলেন, ফেডারেশনের দায়িত্বে থাকাকালীন ব্রিজভূষণ তাঁদের যৌন হেনস্তা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই ব্রিজভূষণ শরণ সিং ও বিনোদ তোমারের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলছিল। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষে রাউস অ্যাভিনিউ আদালত পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে উভয় অভিযুক্তকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেয়। এই রায়কে ঘিরে ক্রীড়া ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।







