তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক ‘জোড়া ফুল’ ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। প্রতীকের অধিকার নিয়ে দলের দুই শিবিরের বিরোধ এখন নির্বাচন কমিশনের দোরগোড়ায় পৌঁছেছে। কমিশনের সামনে ইতিমধ্যেই উভয় পক্ষ নিজেদের দাবি তুলে ধরেছে। এদিকে, কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও বিকল্প পরিকল্পনা তৈরি করে রাখছে কালিঘাট শিবির— এমনটাই রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।
দলীয় সূত্রের দাবি, প্রতীক নিয়ে আইনি জটিলতা তৈরি হলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে একটি নতুন নির্বাচনী প্রতীক প্রস্তুত রাখা হয়েছে। শোনা যাচ্ছে, সেই প্রতীকেও ফুলের ছাপ থাকতে পারে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সংসদীয় ও সাংগঠনিক স্তরে যে গোষ্ঠীর সমর্থন বেশি থাকবে, প্রতীকের অধিকার তারাই পাবে। ফলে কমিশনের সিদ্ধান্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এর আগে ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বলেন, “মানুষ যে প্রতীককে গ্রহণ করবে, সেটাই হবে আমার প্রতীক।” তাঁর এই বক্তব্যের পর থেকেই বিকল্প প্রতীক নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে।
অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, “তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় একে অপরের পরিপূরক। জোড়া ফুল প্রতীক মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মমতাই। তিনি নিজেই একটি ব্র্যান্ড। তাই কোন প্রতীক তাঁকে প্রতিনিধিত্ব করছে, সেটা মূল বিষয় নয়, মানুষের সমর্থনই আসল।”
এখন রাজনৈতিক মহলের নজর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে। জোড়া ফুল প্রতীক কার হাতে থাকবে, নাকি রাজ্যের রাজনীতিতে দেখা যাবে সম্পূর্ণ নতুন কোনও প্রতীক— সেই উত্তরই আগামী দিনের রাজনৈতিক সমীকরণ অনেকটাই স্পষ্ট করে দিতে পারে।







