কলকাতা

আর জি করে একের পর এক রোগী নিখোঁজ! বেডে ছিলেন, হঠাৎ উধাও ৫১ বছরের বিমল, খোঁজ নেই ২৩-এর দীপান্বিতারও

হাসপাতালে ভর্তি হওয়ার পর বেড থেকে আচমকাই উধাও দুই রোগী। একই হাসপাতালে পরপর এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে। নিখোঁজদের মধ্যে রয়েছেন বরানগরের ৫১ বছরের বিমল ঘোষ এবং চিৎপুরের ২৩ বছরের দীপান্বিতা রায়। দুই ঘটনাতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, জ্বর ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে বৃহস্পতিবার প্রথমে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে যান বিমল ঘোষ। পরে তাঁকে আর জি কর হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলায় ২২ নম্বর বেডে তাঁকে ভর্তি করা হয়েছিল।

পরিবারের দাবি, পরের দিন সকাল ১১টা নাগাদ হাসপাতালে গিয়ে তাঁরা দেখেন, বেডে নেই বিমল। এরপর হাসপাতাল কর্মীদের কাছে খোঁজ শুরু করেন তাঁরা। পরিবারের অভিযোগ, এক নার্স জানান, বিমলকে পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়েছে। আবার এক ওয়ার্ড কর্মীর কাছ থেকে তাঁরা জানতে পারেন, তিনি শৌচাগারে গিয়েছেন।

পাশের বেডের এক রোগীর দাবি, সকাল ৮টা নাগাদ শেষবার বিমলকে দেখা গিয়েছিল। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তাঁর কোনও সন্ধান মেলেনি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানায়, বিমলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনায় টালা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

এর মধ্যেই সামনে এসেছে আরও একটি নিখোঁজের ঘটনা। চিৎপুরের বাসিন্দা ২৩ বছরের দীপান্বিতা রায় আর জি করের চারতলার TPU ওয়ার্ডে ১ নম্বর বেডে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকাই তাঁর খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর পরিবারকে জানায়। এরপর চিৎপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছে পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

একই হাসপাতাল থেকে পরপর দুই রোগীর নিখোঁজ হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে। ঠিক কীভাবে দুই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন বা তাঁদের শেষবার কোথায় দেখা গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, এই আবহেই ফের আলোচনায় আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে সিবিআই। বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, ঘটনার দিন রাতে তিলোত্তমার সঙ্গে ডিনারে উপস্থিত থাকা চারজনের বয়ান নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কয়েকজনের বয়ান ইতিমধ্যেই নেওয়া হয়েছে, বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

তদন্তের অগ্রগতি নিয়ে ফের রিপোর্ট চেয়েছে আদালত। আগামী ২৮ অগাস্ট দুপুর ২টোর মধ্যে পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে আদালত প্রশ্ন তোলে, ঘটনার দিন থেকে শ্মশান পর্যন্ত তদন্ত পুনরায় খতিয়ে দেখতে বলা হয়েছিল, তাহলে আরও কত সময় লাগবে? বিচার পাওয়ার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকেই।

একদিকে হাসপাতাল থেকে রোগী নিখোঁজের পর পর ঘটনা, অন্যদিকে আর জি কর-কাণ্ডের তদন্তের অগ্রগতি নিয়ে আদালতের কড়া প্রশ্ন—সব মিলিয়ে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.