নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ৯ আগস্ট: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দু’বছর পূর্তিতে বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নির্যাতিতাকে স্মরণ করে মুখ্যমন্ত্রী জানান, নিহত চিকিৎসকের মা রত্না দেবীর লিখিত আবেদনের ভিত্তিতে ১৯৫২ সালের ‘স্পেশাল কমিশন অ্যাক্ট’-এর আওতায় গোটা ঘটনার পুনর্তদন্তের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
নবান্নে মুখ্যসচিব ও বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, আদালতের নির্দেশে সিবিআই ধর্ষণ-খুন, ২০২৪ সালের ১৪ আগস্ট রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুর এবং হাসপাতালের আর্থিক দুর্নীতি—এই তিনটি বিষয় নিয়ে তদন্ত করছে। তবে রাজ্য পুলিশের এক্তিয়ারভুক্ত কিছু অভিযোগে পৃথকভাবে তদন্তের সুযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।
এদিন নির্যাতিতার শেষকৃত্য নিয়েও গুরুতর অনিয়মের অভিযোগ তোলেন শুভেন্দু। তাঁর দাবি, ঘোলা থানার অন্তর্গত নাটাগড় কদমতলা শ্মশানে দাহের সিরিয়াল তিন নম্বর থেকে বদলে এক নম্বর করা হয়েছিল। পরিবারের নিকটাত্মীয়ের বাধ্যতামূলক স্বাক্ষর না নেওয়া এবং নির্ধারিত খরচ সংক্রান্ত নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এই ঘটনায় ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে মঞ্চ থেকেই অবিলম্বে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, এই অনিয়মের নেপথ্যে নির্মল ঘোষ, সোমনাথ দে ও সঞ্জীব মুখার্জির ভূমিকা রয়েছে।
স্মরণসভা থেকে শুভেন্দুর বার্তা, “অভয়া বোনকে আমরা ভুলিনি।” ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের সীমাবদ্ধতার মধ্যেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।







