জেলা

হেফাজতে মৃত্যু নিয়ে কড়া শুভেন্দু, নিহতের বাড়িতে গিয়ে চাকরি-১০ লক্ষ টাকার ঘোষণা

পুলিশি হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে যখন পরিস্থিতি উত্তপ্ত, তখনই নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে সরাসরি তাঁর বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানোর পাশাপাশি একাধিক প্রশাসনিক পদক্ষেপ এবং আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন তিনি। একইসঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, পুলিশের হেফাজতে কোনও মৃত্যুর ঘটনাই মেনে নেওয়া হবে না।

সোমবার নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু অধিকারী বলেন, থানার লকআপ বা পুলিশের হেফাজতেই যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা স্পষ্ট। তাঁর কথায়, পুলিশের গাফিলতি রয়েছে, কারণ মৃত্যুর সময় ওই ব্যক্তি পুলিশের কাস্টডিতেই ছিলেন। ঘটনার প্রাথমিক দায় স্বীকার করে সংশ্লিষ্ট থানার আইসি-কে ক্লোজ এবং তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পরিবারকে দেওয়া সাহায্যের কথাও এদিন জানান তিনি। মৃতের স্ত্রীর জন্য রাজ্য সরকারের হোম মিনিস্টারের কোটায় ‘অ্যাটেনডেন্ট’ পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, শোকের সময়টা কাটিয়ে ওঠার পর ওই মহিলা স্থানীয় থানার সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন। ১২ মাস পূর্ণ হলে তাঁকে গ্রুপ-ডি পদে স্থায়ী করা হবে।

এর পাশাপাশি পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে ১০ লক্ষ টাকার চেক মৃতের স্ত্রীর হাতে তুলে দেন শুভেন্দু। সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ওই অর্থ তাঁদের নামে ফিক্সড ডিপোজিট করার পরামর্শও দেন তিনি, যাতে সেই টাকা তাঁদের পড়াশোনার কাজে ব্যবহার করা যায়।

ঘটনার তদন্ত যাতে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে হয়, তার জন্য ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সাধারণত এই ধরনের তদন্ত এসডিও স্তরে হয়ে থাকে। কিন্তু ঘটনার গুরুত্ব বিবেচনা করে এবার উত্তর ২৪ পরগনার জেলাশাসককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। হোম সেক্রেটারি ওই দিন বিকেলের মধ্যেই এ বিষয়ে সরকারি নির্দেশ জারি করবেন বলেও জানান তিনি।

নিহতের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন শুভেন্দু। তাঁর দাবি, পরিবার এই মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার সুযোগ দেয়নি এবং সরকার ও পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বুদ্ধদেব ভট্টাচার্যের আমল কিংবা তার আগে-পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়েও এমন নজির খুব বেশি নেই, যেখানে প্রশাসনের শীর্ষকর্তা নিজে ডিজিপিকে সঙ্গে নিয়ে বিরোধী দলের কোনও নিহত কর্মীর বাড়িতে গিয়ে সরকারের দায়িত্ব পালন করেছেন।

পরিবারের আস্থার মর্যাদা রাখার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পোস্টমর্টেম রিপোর্ট এবং ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারির সুপারিশ খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোটা তদন্ত প্রক্রিয়ার উপর ডিজিপি এবং হোম সেক্রেটারি ব্যক্তিগতভাবে নজর রাখবেন বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.