৮ম পে কমিশনে বড়সড় প্রস্তাব, ন্যূনতম বেতন ৬৯ হাজার ও পেনশন ৪৫ হাজার করার দাবি
কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ৮ম পে কমিশন ঘিরে নতুন করে আশার আলো। বেতন, পেনশন, ডিএ-ডিআর এবং চিকিৎসা পরিষেবা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব জমা পড়েছে কমিশনের কাছে। তবে এগুলি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, সবকটিই রয়েছে প্রস্তাবের পর্যায়ে।
গত ৭ অগাস্ট দিল্লিতে ৮ম পে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে ভারত পেনশনার্স সমাজ (BPS)। সেখানে সংগঠনের পক্ষ থেকে ন্যূনতম বেতন ও পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানোর দাবি জানানো হয়েছে।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ১৮ হাজার টাকা। সেটি বাড়িয়ে ৬৯ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইভাবে ন্যূনতম পেনশন ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার টাকা করার দাবি উঠেছে। অবসরের সময় শেষ পাওয়া বেতনের অন্তত ৬৭ শতাংশ পেনশন এবং পরিবারের ক্ষেত্রে শেষ বেতনের ৫০ শতাংশ হারে ফ্যামিলি পেনশনের প্রস্তাবও রয়েছে।
এছাড়াও নতুন বেতন কাঠামোয় ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর, প্রতি তিন মাস অন্তর ডিএ ও ডিআর সংশোধন এবং ডিআর ২৫ শতাংশের বেশি হলে তা মূল পেনশনের সঙ্গে যুক্ত করার দাবি জানানো হয়েছে।
পেনশনভোগীদের জন্য মাসে ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা, ক্যাশলেস চিকিৎসা পরিষেবা এবং ৬৫ বছর বয়স থেকে অতিরিক্ত পেনশনের প্রস্তাবও দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ বছরের পরিবর্তে প্রতি পাঁচ বছর অন্তর বেতন-পেনশন কাঠামো পর্যালোচনার দাবি উঠেছে।
তবে এখনই ৬৯ হাজার টাকা বেতন বা ৪৫ হাজার টাকা পেনশন কার্যকর হচ্ছে না। বিভিন্ন সংগঠনের প্রস্তাব পর্যালোচনা করে কমিশন সুপারিশ করবে। এরপর কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।







