বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে বড়সড় আইনি চাপে তারকা ক্রিকেটার অভিষেক পোড়েল। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। শুনানিতে আদালত অভিষেককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন এবং ব্ল্যাকমেলের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এক ডাক্তারি পড়ুয়ার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এবার গ্রেপ্তারির মুখে দিল্লি ক্যাপিটালসের এই উইকেটকিপার-ব্যাটার। যদিও শুরু থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন অভিষেক।
জানা গিয়েছে, গত জুন মাসে মায়ের সঙ্গে মগরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই ডাক্তারি পড়ুয়া। তাঁর দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। দু’জনের বিয়ের কথাও ঠিক হয়েছিল। কিন্তু প্রায় দেড় বছর আগে তাঁদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সেই সময়ও বিষয়টি থানায় গড়িয়েছিল। তবে তখন কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি ওই তরুণী। এবার অবশ্য ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে ক্রিকেটারের বিরুদ্ধে।
অভিযোগ ওঠার পর থেকেই তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে আসছেন অভিষেক। তাঁর বক্তব্য ছিল, “এখন আমি ভাল খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে।” অভিযোগ দায়েরের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এতদিন প্রকাশ্যে এ নিয়ে বিশেষ কোনও মন্তব্য করেননি অভিষেক। তবে গত ১৯ জুলাই কলকাতা হাই কোর্টের একটি নির্দেশে তাঁর আইনি জটিলতা আরও বাড়ে। মামলার তদন্তে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি অভিষেকের ফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল আদালত।
মঙ্গলবার ফের এই মামলার শুনানি হয় হাই কোর্টে। এদিন আদালত স্পষ্ট নির্দেশ দেয়, অভিষেককে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি তাঁর ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসও বাজেয়াপ্ত করার নির্দেশ বহাল রাখা হয়েছে। অভিযোগকারিণীর বেশ কিছু আপত্তিকর ছবি ও ভিডিও অভিষেকের কাছে রয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে। সেগুলি যাতে কোনওভাবেই প্রকাশ্যে না আসে, তা নিশ্চিত করতেই ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশ বলে জানা গিয়েছে।
যদিও গোটা ঘটনায় নিজের নির্দোষিতার দাবি করে এসেছেন দিল্লি ক্যাপিটালসের এই ক্রিকেটার। কিন্তু আদালতের নির্দেশের পর আপাতত তাঁর সামনে তৈরি হয়েছে বড় আইনি বিপদ। এবার তাঁকে গ্রেপ্তার করার প্রক্রিয়া শুরু করতে হবে পুলিশকে।







