বদলের বাংলায় আগামী রবিবার কলকাতায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। আগামী ১৬ ও ১৭ আগস্ট কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারতকে কেন্দ্র করে একটি মেগা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা রয়েছে।
আগামী ১৬ আগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস পালন করা হবে। ওই দিন থেকেই প্রকল্পের সুবিধাভোগীদের পরিষেবা দেওয়ার কাজ শুরু হবে। রাজ্য সরকারের উদ্যোগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের মাধ্যমে পরিষেবা প্রদান কর্মসূচির সূচনা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার। আমন্ত্রণ গ্রহণ করেই কলকাতায় আসছেন তিনি।
এদিকে, আগামী ২২ থেকে ৩০ আগস্ট রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির প্রশিক্ষণ শিবির হওয়ার কথা রয়েছে। ওই শিবিরগুলিতে বক্তা হিসেবে যাঁরা থাকবেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে ১৬ আগস্ট কলকাতায়। এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিজেপির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ এবং রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল উপস্থিত থাকবেন। বিজেপি সূত্রে খবর, এই প্রশিক্ষণ শিবিরে জে পি নাড্ডারও থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সফরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আর কোনও দলীয় কর্মসূচি নেই বলেই জানা যাচ্ছে।
সূত্রের খবর, আগামী ২০ আগস্ট কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২১ ও ২২ আগস্ট তাঁর একাধিক সরকারি ও দলীয় কর্মসূচি রয়েছে। আগামী ১৯ আগস্ট বিজেপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্ণ হবে। সেই বিষয়টি সামনে রেখেই মূলত অমিত শাহের সফর পরিকল্পনা করা হয়েছে। তার আগেই জে পি নাড্ডার কলকাতা সফর ঘিরে রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে।







