স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। ভাষণের সময় প্রধানমন্ত্রীর থমকে যাওয়া থেকে শুরু করে ‘দিমাগি নকশাল’ মন্তব্য—একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে কংগ্রেস ও আম আদমি পার্টি (AAP)।
২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর ভারতের ‘বায়োইকোনমি’-র অগ্রগতি নিয়ে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রীকে কিছুটা ইতস্তত করতে এবং নোট দেখতে দেখা যায়। সেই ভিডিও প্রকাশ করে কংগ্রেস নেতা পবন খেরা কটাক্ষ করে লেখেন, ‘টেলিপ্রম্পটার ছাড়া সুপারহিউম্যান’। একই ভিডিও শেয়ার করে AAP প্রধান অরবিন্দ কেজরিওয়াল মোদীকে ‘আত্মবিশ্বাসহীন, নার্ভাস ও কাঁপতে থাকা প্রধানমন্ত্রী’ বলে আক্রমণ করেন।
প্রায় ৭৫ মিনিটের ভাষণে AI, সেমিকন্ডাক্টর, MSME, উচ্চশিক্ষা, কোচিং এবং নকশালবাদ-সহ একাধিক বিষয় উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র মাওবাদী হিংসা শেষ পর্যায়ে পৌঁছলেও কিছু প্রতিষ্ঠানে আদর্শগত নকশাল মানসিকতা রয়ে গিয়েছে। তরুণদের অরাজকতার পথে যাওয়া ঠেকাতে ‘দিমাগি নকশাল’দের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।
এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘দিমাগি নকশাল’ আসলে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করার নতুন শব্দবন্ধ। নারী সংরক্ষণ ও ডিলিমিটেশন নিয়েও মোদী সরকারের বিরুদ্ধে ‘অসৎ ও কপট’ রাজনীতির অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, নারী প্রতিনিধিত্ব বৃদ্ধিতে কংগ্রেস ও রাজীব গান্ধীর ভূমিকা ঐতিহাসিক।







