প্রধানমন্ত্রীর প্রসঙ্গ তুলে বিতর্কিত মন্তব্যে সামিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেসও। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সুকান্ত। সৌমিত্র খাঁ-এর ‘অযোগ্য’ কটাক্ষের পালটা জবাব দিতে গিয়ে নরেন্দ্র মোদী প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে ফেলেন রাজ্য বিজেপি সভাপতি।
সুকান্তর উবাচ, ‘যোগ্যতা গুরুত্বপূর্ণ নয়, আমরা চা’ওয়ালাকে প্রধামন্ত্রী করে তা প্রমাণ করে দিয়েছি। গুরুত্বপূর্ণ হল বিশ্বাসযোগ্যতা।’ অতএব, সুকান্ত মজুমদার নিজস্ব মন্তব্যে প্রধানমন্ত্রীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। যার জেরে ইতিমধ্যেই সমালোচনার রোল গেরুয়া শিবিরে।
প্রসঙ্গত, কিছুদিন পূর্বেই সাংসদ সৌমিত্র খাঁ সুকান্ত মজুমদারকে ‘অযোগ্য’ বলে অভিহিত করেছিলেন। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী ছাড়া কাউকে যোগ্য বলে মানেন না, এমনই মন্তব্য করেন সৌমিত্র। তারই পালটা আক্রমণে সামিল সুকান্ত। অন্যদিকে, সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রেক্ষিতে সরব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, ‘দেশে একের পর এক যা হচ্ছে, সব তো বিক্রি হয়ে যাচ্ছে। পেট্রল-ডিজেলের দাম বেশি। মানুষ হাহাকার করছে। গোটা পরিস্থিতিটাই ওঁরা জানেন। সেই কারণেই একথা বলে ফেলেছেন।’






