বীরভূমে ফের তদন্তের কেন্দ্রে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। দীর্ঘ প্রায় ২২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বোলপুরের বাইপাস সংলগ্ন ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাঁকে বীরভূমের সিউড়ি আদালতে পেশ করার কথা।
পুলিশ সূত্রে খবর, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করতে গিয়ে সায়গলের ফ্ল্যাটে পৌঁছন তদন্তকারীরা। অভিযোগ, পাথর ও বালির গাড়িতে নকল ডিআরসি ব্যবহার করে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছিল। সেই সূত্র ধরে টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের বাড়ি ও ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়।
তবে তদন্তকারীদের নজর ঘুরে যায় সায়গল হোসেনের ফ্ল্যাটের দিকে। সেখানে দীর্ঘ সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।
তল্লাশিতে সায়গলের ফ্ল্যাট থেকে নগদ প্রায় ১৩ লক্ষ টাকা, ৭৫০ গ্রামের বেশি সোনা এবং ৩০০-রও বেশি জমির দলিল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। উদ্ধার হওয়া সম্পত্তির উৎস এবং এর সঙ্গে টুলু মণ্ডলের আর্থিক লেনদেনের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও গরু পাচার মামলায় আর্থিক তছরুপ ও বিপুল বেআইনি সম্পত্তি অর্জনের অভিযোগে সায়গলকে সিবিআই ও ইডি গ্রেফতার করেছিল। প্রায় আড়াই বছর জেলে থাকার পর বর্তমানে জামিনে ছিলেন তিনি।
এবার বীরভূম পুলিশের নতুন তদন্তে ফের গ্রেফতার হওয়ায় সায়গলকে ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে। উদ্ধার হওয়া বিপুল সম্পত্তির উৎস এবং এই মামলায় আর কারও যোগ রয়েছে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।







