২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর দেখতে দেখতে প্রায় চার বছর কেটে গিয়েছে। আগামী বছর আবারও আইসিসি একদিনের বিশ্বকাপের মঞ্চে নামবে বিশ্বের সেরা দলগুলি। ভারত এবার ট্রফির খরা কাটাতে পারবে কি না, তা নিয়ে যেমন ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র আগ্রহ রয়েছে, তেমনই বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়েও চলছে জোর আলোচনা। এরই মাঝে আসন্ন বিশ্বকাপের নতুন ফরম্যাট ঘোষণা করল আইসিসি।
আগামী বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দেশ। দল বাড়ায় ম্যাচের সংখ্যাও আগের তুলনায় বেশি হবে। প্রতিযোগিতাকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে এবার তিন ধাপের প্রতিযোগিতা রাখা হয়েছে। ফলে সেমিফাইনালে পৌঁছনোর আগে দলগুলিকে আগের চেয়ে বেশি ম্যাচ খেলতে হবে।
প্রথম পর্ব – সুপার সিরিজ:
র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা তিনটি দল এই পর্বে অংশ নেবে। তারা একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল পরবর্তী পর্বে জায়গা করে নেবে।
দ্বিতীয় পর্ব – গ্রুপ স্টেজ:
এই ধাপে খেলবে মোট ১২টি দল—সরাসরি যোগ্যতা অর্জন করা ১১টি দল এবং সুপার সিরিজের বিজয়ী। দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে রাউন্ড-রবিন পদ্ধতিতে ম্যাচ হবে। দুই গ্রুপ থেকে প্রথম তিনটি করে মোট ছয়টি দল এবং দুই গ্রুপের মধ্যে সেরা চতুর্থ স্থানাধিকারী দল সুপার সেভেনে উঠবে।
তৃতীয় পর্ব – সুপার সেভেন:
এই রাউন্ডে সাতটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনালে প্রথম স্থানে থাকা দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিরুদ্ধে, আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে অপর সেমিফাইনালে।
২০২৭ সালের এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। তিন দেশের মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। ক্রিকেটমহলের একাংশের ধারণা, এটাই হয়তো বিরাট কোহলি ও রোহিত শর্মার শেষ ওয়ান ডে বিশ্বকাপ। তাই ভারতের হয়ে তাঁরা শেষবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে পারেন কি না, সেদিকেই এখন নজর সবার।







