জাতীয় শিক্ষানীতি মেনে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটের পরিষেবা চালু করতে উদ্যোগ নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ৫-৬ অক্টোবর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সেনেট হলে কলেজ অধ্যক্ষদের নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করা হলো। ওই দু’দিন দফায় দফায় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মোট প্রায় ১৬০টি কলেজকে হাজির থাকতে বলা হয়েছে।
এই ওয়ার্কশপে অধ্যক্ষদের এবং বিশ্ববিদ্যালয়কে প্রশিক্ষণ দেবেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রকের বিশেষজ্ঞরা। এর জন্য দিল্লি থেকে তাঁরা উড়ে আসছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। জাতীয় শিক্ষানীতিতে পড়ুয়াদের জন্য অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট বা এবিসির কথা বলা হয়। এই পরিষেবা চালু হলে চলতি বছর যে পড়ুয়ারা কলেজে আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হয়েছেন তাঁদের জন্য একটি ব্যাঙ্ক খোলা হবে।
সেই ব্যাঙ্কে জমা হবে তাঁর নম্বর, ক্রেডিট ইত্যাদি। এমনকী তাঁদের যাবতীয় ডিগ্রি, সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেটও জমা হবে সেখানে। প্রতি ছাত্রপিছু একটি করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিকে। এর উদ্দেশ্য বহুমুখী। এর ফলে একদিকে যেমন পড়ুয়াদের যখন দরকার তখনই তাঁরা আপলোড হওয়া জরুরি ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন।







