পার্ক স্ট্রিটের ফুটপাথে নাতির জন্য দুধ গরম করছিলেন এক মহিলা। সেই সময় তাঁকে বাধা দিয়ে কড়া ভাষায় ফুটপাথ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেই আবহেই মঙ্গলবার সল্টলেকে বিজেপির দফতরে কোলে শিশুকে নিয়ে হাজির হলেন ওই ফুটপাথবাসী মহিলা। ঘটনাচক্রে, তখন দলীয় দফতরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আচমকা ওই মহিলার উপস্থিতিতে বিজেপি দফতরে চাঞ্চল্য ছড়ায়।
মঙ্গলবার জনতার দরবার শেষে সল্টলেকের বিজেপি দফতর থেকে বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই কোলে শিশুকে নিয়ে তাঁর সামনে এসে দাঁড়ান ওই মহিলা। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন তিনি। তখন শিশুটির মাথায় হাত রেখে তাঁকে আশ্বস্ত করেন শুভেন্দু। তিনি বলেন, “বিজেপি সরকার সকলের জন্য। সব ব্যবস্থা নেওয়া হবে।”
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সীতাদেবী কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। উনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ও বিজেপির উপরই ভরসা রয়েছে। ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও খোঁজ নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে টাকা দিয়ে বলছে বিজেপির বিরুদ্ধে কথা বলতে।” এরপরই ওই মহিলাকে আশ্বাস দিয়ে তিনি বলেন, “আমি কর্পোরেশনকে বলে দেব, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি বলেছি, রাস্তায় থাকবেন না। ফুটপাথ তো মানুষের জন্য। আমরা আপনার থাকার ব্যবস্থা করব।”
পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরম করার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী শিবির। ফুটপাথবাসী মহিলার সঙ্গে মন্ত্রীর আচরণ নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও পাল্টা বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগেছেন অগ্নিমিত্রা পাল।
তাঁর বক্তব্য, “বিরোধীদের কান্নাকাটি শুনলাম। কেউ সেদিন একবাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সকলে রাজনীতির আগুনে রুটি সেকেছে। ২৮ বছর কংগ্রেস, ৩৪ বছর সিপিএম, ১৫ তৃণমূল মানুষকে ঠকিয়েছে। পয়সা নিয়ে ফুটপাথে হকার বসিয়েছে, দুর্নীতি করেছে, তাদের থেকে মানবিকতা শিখব না।”
একইসঙ্গে ফুটপাথে স্টোভ জ্বালিয়ে দুধ গরম করার বিষয়েও প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। তাঁর প্রশ্ন, “ফুটপাথে এক গামলা দুধ জাল দেওয়া হচ্ছে, এক গামলা দুধ ছ’মাসের বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালানো হয়েছে ব্যস্ত রাস্তায়? যে কোনও সময় দুর্ঘটনা ঘটবে। কে দায় নেবে?”







