একদিকে ভয়াবহ জলপ্লাবনে বিপর্যস্ত নেপাল, অন্যদিকে লাগাতার বৃষ্টি ও গঙ্গার জলস্তর বৃদ্ধিতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে তীর্থনগরী বারাণসীতে। ইতিমধ্যেই শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বারাণসীর জেলা শাসক সত্যেন্দ্র কুমার এবং মেয়র অশোক তিওয়ারির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, দুই প্রশাসনিক কর্তার কাছ থেকে বন্যা পরিস্থিতির বিস্তারিত খোঁজ নেন তিনি।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত প্রয়োজনীয় ত্রাণ ও অন্যান্য সামগ্রী পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণের কাজ চালানোর কথা বলেছেন তিনি। পাশাপাশি ত্রাণ শিবিরগুলিতে খাবার, চিকিৎসা-সহ প্রয়োজনীয় সমস্ত পরিষেবা দ্রুত নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিপদগ্রস্ত এলাকা এবং ত্রাণ ও উদ্ধারকাজের উপর প্রশাসনকে নিয়মিত নজর রাখার কথাও জানিয়েছেন মোদী।
কেন্দ্রীয় জল কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, বারাণসীতে গঙ্গার সর্বোচ্চ জলস্তর ৭০.২৬ মিটার। বর্তমানে নদীর জলস্তর ৭০.২৮ মিটারে পৌঁছেছে। যদিও বিপদসীমা ৭১.২৬ মিটার। প্রতি ঘণ্টায় প্রায় ২ সেন্টিমিটার করে জল বাড়ছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জলস্তরের গতিবিধির উপর কড়া নজর রাখছে প্রশাসন।
এর আগে বারাণসীর পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল এবং জেলা ম্যাজিস্ট্রেট বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এনডিআরএফের নৌকায় করে তাঁরা জলমগ্ন অঞ্চলে পৌঁছে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। সালারপুর, সরাইয়া, কোনিয়া, পুল কোহনা-সহ একাধিক এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা। ক্ষতিগ্রস্ত মানুষদের প্রশাসনের তরফে প্রয়োজনীয় সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে আসি ঘাট থেকে কেশব ঘাট পর্যন্ত নৌকা চলাচল করছে। নদীপথে যাতায়াতের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে নজরদারি। লাগাতার বৃষ্টির জেরে ইতিমধ্যেই একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করেছে প্রশাসন।
এই পরিস্থিতিতে বারাণসীর সাংসদ তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রয়োজন হলে অতিরিক্ত ত্রাণসামগ্রী পাঠিয়ে দ্রুত ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।







