নিজস্ব প্রতিনিধী,পশ্চিম মেদিনীপুর:আগামী ৮ ই জুলাই পঞ্চায়েত নির্বাচন। উত্তপ্ত রাজ্য রাজনীতি। তার আগেই উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ে। সবংয়ে বাড়ি থেকে এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হল।
বিজেপির অভিযোগ, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে বিজেপির বুথ সভাপতিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশালপুলিশ বাহিনী। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সবংজুড়ে। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৯ নং বলপাই অঞ্চলের বলপাই এলাকায়। পানিথর এলাকার বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ যদিও সবং থানার পুলিশ এসে বিজেপির বুথ সভাপতির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বিজেপি অভিযোগ করে, বুথ সভাপতিকে বিভিন্ন হুমকি ও শাসানি দেওয়া হয়৷ তারপর তাকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। যদিও থানায় এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অপরদিকে তৃণমূল কংগ্রেসের দাবী, পারিবারিক বিবাদ, জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। সে জন্য গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে দীপক সামন্ত। আর এটাকে নিয়ে বিজেপি রাজনীতি শুরু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সবং থানার পুলিশ।







