চিহ্নিত ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকায় এবার তৃণমূল নেতাদের পাশাপাশি বিজেপি শিবিরের নামও রয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম টেনে বলেন,
“খবরেই বেরিয়েছে বিজেপি নেত্রীর নাম। আগে তৃণমূল করত, এখন বিজেপি করে। সব শুভেন্দু অধিকারী করিয়েছে। দুই মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ—যেখানে যেখানে শুভেন্দু অধিকারীর আধিপত্য ছিল, সেখানে কী হয়েছিল খোঁজ নিন।”
SSC নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় কমিশনের পক্ষে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের প্যানেল সংক্রান্ত মামলাতেও তিনি সওয়াল করেন। অন্যদিকে চাকরিহারাদের পক্ষ নিয়ে লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিমের মতো আইনজীবীরা। তাঁদেরও একহাত নেন কল্যাণ।
তিনি অভিযোগ করেন—
“শামিমরা যাদের হয়ে মামলা করেছিল, তারা কি একজনও চাকরি পেয়েছে? যাদের জন্য মামলা করতে গিয়েছিল, তাদের চাকরি দিতে পারেনি, উল্টে অন্যদের চাকরি খেয়েছে।”
এখানেই থেমে থাকেননি কল্যাণ। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর নামও টেনে তিনি বলেন, যতদিন গঙ্গোপাধ্যায় বিচারপতি ছিলেন, ততদিন বিকাশ রঞ্জনের জুনিয়রদের মামলার নামে প্রচুর টাকা তোলা হয়েছে। তারও তদন্ত হওয়া উচিত বলে দাবি তৃণমূল সাংসদের।
SSC দুর্নীতি মামলায় বিজেপি-তৃণমূল দুই শিবিরেরই নাম উঠে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।







