আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সঙ্গীত বিভাগের এক অধ্যাপিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এক প্রাক্তন ছাত্রী অভিযোগ করেছেন, অধ্যাপিকা তনয়া পাল চৌধুরী তাঁর সঙ্গে সমকামী সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিলেন। ছাত্রী রাজি না হওয়ায় মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন তিনি।
অভিযোগ অনুযায়ী, ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ওই অধ্যাপিকা ছাত্রীর বাড়ির দোতলায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। এই সময়েই তিনি বন্ধুত্ব গড়ে তোলেন এবং পরবর্তী সময়ে প্রেমের প্রস্তাব দেন। ছাত্রী তা প্রত্যাখ্যান করলে ব্ল্যাকমেল করা হয় এবং আত্মহত্যার হুমকি দেওয়া হয়। এমনকি মারধর করে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ।
ছাত্রীর দিদি জানান, “আমার বোনকে ও প্রচণ্ড মানসিক চাপে ফেলে দিয়েছিল। আমরা চাই, ওর মুখোশ সবার সামনে খুলে যাক। যারা একই অভিজ্ঞতার শিকার, তারা যেন মুখ খুলে।”
গত জুন মাসে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও, পুলিশ প্রথমে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। তবে সম্প্রতি আরও এক ছাত্রী একই অভিযোগ করায় প্রশাসন নড়েচড়ে বসে। এখন তদন্তে নেমেছে আরামবাগ থানার পুলিশ।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত বর্তমানে কলেজের সঙ্গে যুক্ত নন। তবে ঘটনায় গভর্নিং বডির বৈঠক ডাকা হয়েছে।
এই ঘটনায় কলেজ ও শিক্ষামহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পড়ুয়াদের নিরাপত্তা ও শিক্ষকদের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। পরিবারের দাবি, দোষী প্রমাণ হলে অধ্যাপিকার কঠোর শাস্তি হওয়া উচিত।







