রাজনীতি

ফলতায় ভোটের আগেই সরে দাঁড়ানোর ঘোষণা তৃণমূল প্রার্থীর, বাড়ল অস্বস্তি

ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ভোটের প্রচারের শেষ দিনে মঙ্গলবার সরে দাঁড়ানোর ঘোষণা করলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। সাংবাদিক বৈঠকে তিনি জানান, ফলতার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, এই ঘোষণার কোনও আইনি ভিত্তি নেই। কারণ মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। ফলে ভোটের দিন ইভিএমে তৃণমূলের প্রতীকের পাশেই জাহাঙ্গির খানের নাম থাকবে।

নির্বাচনী নিয়ম অনুযায়ী, স্ক্রুটিনির পর নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারেন। সেই সময় পেরিয়ে গেলে আর আইনিভাবে সরে দাঁড়ানোর সুযোগ থাকে না। ইতিমধ্যেই ব্যালট ও ইভিএম চূড়ান্ত হয়ে যাওয়ায় কোনও পরিবর্তনের সুযোগ নেই।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাহাঙ্গিরের এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ভোটের মুখে প্রার্থীর এমন ঘোষণার প্রভাব ফলতার ভোটবাক্সে কতটা পড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.