দুর্গাপুজোয় আমিষ খাওয়াকে কেন্দ্র করে বাগেশ্বর বাবা ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক আরও তীব্র হল। বাঙালিদের নিয়ে তাঁর মন্তব্যে ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস।
কংগ্রেসের অভিযোগ, দুর্গাপুজোর সময় বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী বাঙালির সংস্কৃতি ও ভাবাবেগকে আঘাত করেছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রেফতারির দাবিও তুলেছে দলটি।
অভিযোগ দায়েরের পর ভবানীপুর থানার সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকেরা। তাঁদের বক্তব্য, বাংলার নিজস্ব সংস্কৃতি ও খাদ্যাভ্যাস নিয়ে বাইরে থেকে কোনও মন্তব্য মেনে নেওয়া হবে না।
আমিষ-নিরামিষ বিতর্ককে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে মতবিরোধ দেখা দিয়েছে। এবার থানায় অভিযোগ ও বিক্ষোভের জেরে সেই বিতর্ক আরও নতুন মাত্রা পেল।







