রাজনীতি

পুরভোটের আগে বিজেপির মুখপাত্র তালিকায় বড় রদবদল, ফিরলেন সায়ন্তন-কেয়া

বঙ্গ বিজেপিতে পুরভোটের আগে বড়সড় সাংগঠনিক রদবদল। সোমবার নতুন মুখপাত্রদের তালিকা প্রকাশ করল রাজ্য বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে দীর্ঘদিন পর ফের মুখপাত্রের দায়িত্ব পেলেন দলের পুরনো মুখ সায়ন্তন বোস ও কেয়া ঘোষ। একইসঙ্গে মুখপাত্র করা হয়েছে বঙ্গ বিজেপির সোশাল মিডিয়া সেলের দায়িত্বে থাকা সপ্তর্ষি চৌধুরীকেও। তাঁর জায়গায় সোশাল মিডিয়া সেলের কনভেনর করা হয়েছে উপমন্যু ভট্টাচার্যকে। অন্যদিকে, আইটি সেলের আহ্বায়ক হয়েছেন জয় মল্লিক।

বাংলায় বিজেপির ক্ষমতা দখলের স্বপ্ন দীর্ঘদিনের। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে লড়াই করেও বাংলার মসনদ দখল করতে পারেনি গেরুয়া শিবির। সেই সময় দলের একাধিক নেতা-কর্মী প্রতিকূল পরিস্থিতিতেও সংগঠনের পাশে থেকেছেন। পরবর্তীতে আদি-নব্য দ্বন্দ্বের জেরে তাঁদের অনেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন। তবে ২০২৬ সালে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের একাধিক পদক্ষেপে স্পষ্ট হয়েছে, পুরনো দিনের নেতা-কর্মীদের যথাযথ গুরুত্ব দিতে চাইছে দল।

নতুন মুখপাত্রদের তালিকা প্রকাশের পর সেই বার্তাই আরও স্পষ্ট হল। দীর্ঘদিন পর সায়ন্তন বোস ও কেয়া ঘোষকে ফের মুখপাত্রের দায়িত্ব দিয়ে পুরনো সৈনিকদের মর্যাদা দেওয়ার বার্তা দিল বঙ্গ বিজেপি। দুর্দিনে যাঁরা বারবার বিজেপির পতাকা হাতে রাস্তায় নেমেছেন, তাঁদেরই ফের গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরিয়ে আনা হল।

বিজেপির প্রকাশিত তালিকা অনুযায়ী, দলের মুখ্য মুখপাত্র করা হয়েছে দেবজিৎ সরকারকে। মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রীতেশ তিওয়ারি, প্রণয় রায়, ড. তন্ময় মুখোপাধ্যায়, সপ্তর্ষি চৌধুরী, ওফেলিয়া সিংঘ, অঙ্কন দত্ত, মেঘা সেন রায়, নিখিলপ্রসাদ সিংহ এবং শমীক দাসগুপ্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.