মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনের কলকাতা দফতরে গিয়ে নালিশ জানানো হল তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদলের তরফে। রাজ্য শাসকদলের তরফে এই বিষয়ে লিখিত অভিযোগ জানিয়ে এবারের বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয়।
অন্যদিকে, ‘কুমন্তব্যের’ জেরে দিলীপ ঘোষকে শোকজ নোটিশ দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সভাপতি জেপি নাড্ডা দিলীপ ঘোষের মন্তব্যের ব্যাখ্যা চেয়ে সেই নোটিশ জারি করেন। যত দ্রুত সম্ভব এহেন আচরণের ব্যাখ্যা দিতে হবে বিদায়ী সাংসদকে।
নোটিশে বলা হয়েছে, ‘মাননীয় দিলীপ ঘোষ, আপনার বক্তব্য অশোভনীয় এবং অসংসদীয়। ভারতীয় জনতা পার্টির নীতির পরিপন্থীও। দল এই বক্তব্যের নিন্দা করছে। সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার নির্দেশানুসারে যত দ্রুত সম্ভব আচরণের ব্যাখ্যা দিন।’
অপরদিকে, ব্রাত্য বসু দিলীপের বিরুদ্ধে তোপ দাগেন, ‘মহিলা দেখলেই উনি যে ভাবে খারাপ কথা বলেন, আমরা এর তীব্র নিন্দা করছি।’ বিজেপিকে ‘নারীবিরোধী দল’ বলেও মন্তব্য করেন তিনি। ব্রাত্যর সংযোজন, ‘আসলে ওঁরা বাঙালি নারীদের আদ্যন্ত অপছন্দ করেন।’ চড়ছে রাজনৈতিক পারদ।







