এআই ও ক্লাউড ব্যবসায় বিপুল বিনিয়োগ, একদিকে দ্রুত বাড়ছে প্রযুক্তিগত পরিকাঠামো, অন্যদিকে চলছে কর্মী ছাঁটাই। ফের চাকরি হারালেন ওরাকলের একাংশ কর্মী। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার থেকে শুরু হয়েছে ছাঁটাইয়ের নতুন পর্ব। ভোরবেলায় ইমেল পাঠিয়ে কয়েকজন কর্মীকে জানানো হয়েছে, তাঁদের পদ আর থাকছে না এবং ইমেল পাওয়ার দিনই শেষ কর্মদিবস।
চাকরি হারানো কর্মীদের কয়েকজন ইতিমধ্যেই লিঙ্কডইন, রেডিট এবং ব্লাইন্ডের মতো প্ল্যাটফর্মে তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তবে এই দফায় মোট কত জন কর্মী চাকরি হারিয়েছেন, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি ওরাকল।
এই ছাঁটাইয়ের সময়কাল বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। কারণ, এআই এবং ক্লাউড পরিষেবার চাহিদা মেটাতে ওরাকল বর্তমানে ডেটা সেন্টার পরিকাঠামো তৈরিতে বিপুল অর্থ ঢালছে। ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার মূলধনী ব্যয় বেড়ে ২,৮৫০ কোটি ডলারে পৌঁছেছে। আগের বছরের একই সময়ে এই খাতে খরচ ছিল ৮৫০ কোটি ডলার।
অন্যদিকে, এআই ক্লাউড ব্যবসাতেও বড় অঙ্কের চুক্তি করেছে সংস্থা। ওরাকলের দাবি, ৩,০০০ কোটি ডলারের বেশি মূল্যের নতুন এআই ক্লাউড চুক্তি হয়েছে। এর ফলে তাদের ‘রিমেইনিং পারফরম্যান্স অবলিগেশন’ বেড়ে দাঁড়িয়েছে ৬৬,৪০০ কোটি ডলার।
তবে এই দ্রুত সম্প্রসারণের জন্য বিপুল খরচও হচ্ছে। সেই খরচ সামলাতে সংস্থার সাংগঠনিক কাঠামোয় বদল আনা এবং কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর আগে থেকেই ওরাকলের পরবর্তী দফার ছাঁটাই নিয়ে জল্পনা ছিল।
গত অর্থবর্ষেই সংস্থার কর্মী সংখ্যা প্রায় ২১ হাজার কমেছে। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এক বছরে মোট কর্মী সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার থেকে কমে প্রায় ১ লক্ষ ৪১ হাজারে নেমেছে।
পুনর্গঠনও সংস্থার জন্য বড় ব্যয়ের কারণ হয়ে উঠেছে। ২০২৬ অর্থবর্ষে কর্মী ছাঁটাই, বিদায়কালীন ভাতা এবং পুনর্গঠন সংক্রান্ত খাতে ওরাকল প্রায় ১৮৪ কোটি ডলার খরচ করেছে। ২০২৫ অর্থবর্ষে এই খরচ ছিল ৩৭.৪০ কোটি ডলার। সম্প্রতি পুনর্গঠন ব্যয়ের হিসাব আরও প্রায় ৭০ কোটি ডলার বাড়ানোর কথা জানিয়েছে সংস্থা। ফলে চলতি অর্থবর্ষে মোট পুনর্গঠন ব্যয় প্রায় ২৮০ কোটি ডলারে পৌঁছতে পারে।
এআই-নির্ভর প্রযুক্তির প্রসার, ক্লাউড ব্যবসায় আগ্রাসী বিনিয়োগ এবং খরচ কমানোর কৌশল—এই তিনের সমীকরণেই ওরাকলের কর্মী কাঠামোয় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আর সেই পরিবর্তনের ধাক্কাই ফের এসে পড়ল কর্মীদের উপর।






