অনুপম জানা, বেলদা: থানার ঢিল ছোড়া দূরত্বে দিনের আলোয় এক বৃদ্ধার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুই বাইকআরোহী দুষ্কৃতী। ব্যাগে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা এবং দু’টি মোবাইল ফোন ছিল বলে অভিযোগ। শুক্রবারের এই ঘটনায় বেলদায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক থেকে লোনের টাকা তুলে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। বেলদা থানার কাছে পৌঁছনোর পর আচমকাই বাইকে আসা দুই ব্যক্তি তাঁকে ঘিরে ধরে। অভিযোগ, মুহূর্তের মধ্যে তাঁর হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত বাইকে চেপে পালিয়ে যায় তারা।
ঘটনার খবর পেয়ে তদন্তে নামে বেলদা থানার পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে ঘটনাস্থল এবং সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। থানার এত কাছে দিনের বেলায় ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।







