শিক্ষা

ছাত্র নেই, পড়ে রয়েছে স্কুল! বাংলার ৯৩৩টি বিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য

রাজ্যের একাধিক সরকারি স্কুলে দীর্ঘদিন ধরে পড়ুয়ার দেখা নেই। কোথাও পাঁচ বছর, আবার কোথাও প্রায় দুই দশক ধরে একজন পড়ুয়াও ভর্তি হয়নি। এমনই ৯৩৩টি ছাত্রশূন্য স্কুলের জমি, ভবন এবং খেলার মাঠের ভবিষ্যৎ কী হবে, তা খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করেছে রাজ্য স্কুলশিক্ষা দফতর।

স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, এই মুহূর্তে কোনও স্কুলকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়নি। এমনকি PPP বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে দেওয়ার জন্য কোনও স্কুলকেও এখনও চিহ্নিত করা হয়নি। মূলত দীর্ঘদিন অব্যবহৃত থাকা স্কুল সম্পত্তি কীভাবে কাজে লাগানো যায়, সেটিই এখন পর্যালোচনার বিষয়।

অন্য দফতরের হাতে যেতে পারে সম্পত্তি

স্কুলশিক্ষা দফতরের অধীনে থাকা পরিত্যক্ত জমি ও ভবন প্রয়োজন অনুযায়ী অন্য কোনও সরকারি দফতরকে ব্যবহারের জন্য দেওয়া যায় কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ ছাত্রশূন্য স্কুলের সম্পত্তি সরকারি কাজেই ব্যবহার করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে।

তবে শুধু পড়ুয়ার সংখ্যা কম হলেই স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। প্রত্যন্ত এলাকায় অবস্থিত স্কুল, যেখানে আশপাশে বিকল্প বিদ্যালয় নেই বা জনবসতি কম—সেক্ষেত্রে স্কুল চালু রাখার বিষয়টিই গুরুত্ব পাবে।

অন্যদিকে, একই এলাকায় পাশাপাশি একাধিক স্কুল থাকলে পরিস্থিতি নতুন করে পর্যালোচনা করা হতে পারে। কোনও একটি স্কুলে পড়ুয়ার চাপ বেশি অথচ কাছাকাছি অন্য স্কুল কার্যত ছাত্রশূন্য—এমন ক্ষেত্রে স্কুলগুলির ভবিষ্যৎ নিয়ে পুনর্বিন্যাসের ভাবনা রয়েছে।

নজরে শিক্ষক ঘাটতিও

স্কুলের পরিকাঠামোর পাশাপাশি শিক্ষক ঘাটতি মেটানোর দিকেও নজর দিচ্ছে দফতর। চলতি নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত সময়ে শেষ হলে ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলগুলিতে শিক্ষক ঘাটতি অনেকটাই মেটানোর লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

২৬ হাজার শিক্ষক নিয়োগের পরও যেখানে প্রয়োজন থাকবে, সেখানে ভবিষ্যতে এসএসসির মাধ্যমে নতুন করে শিক্ষক নিয়োগ করে শূন্যপদ পূরণের পরিকল্পনা রয়েছে। ফলে ছাত্রসংখ্যা, শিক্ষক প্রয়োজন এবং স্কুলের অবস্থান—এই তিনটি বিষয় বিবেচনা করেই আগামী দিনে রাজ্যের স্কুলগুলিতে বড়সড় পুনর্বিন্যাস হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.