অল্পের জন্য ভয়াবহ রেল দুর্ঘটনা এড়াল দেশের অন্যতম দ্রুতগামী ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। রেললাইনের উপর ফেলে রাখা একটি অটোর কারণে মঙ্গলবার রাতে কেরলের তিরুঅনন্তপুরম জেলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে লোকো পাইলটের তৎপরতায় শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা পায়। ঘটনার পর অভিযুক্ত মদ্যপ অটোচালককে আটক করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)।
রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ কাসারগোড় থেকে তিরুঅনন্তপুরমগামী বন্দে ভারত এক্সপ্রেস ভারকালা-কাদাক্কাভুর বিভাগের আকাথুমুরি হল্ট স্টেশনের কাছে পৌঁছয়। রাত ১০টা ১০ মিনিট নাগাদ ট্রেনের লোকো পাইলট ডাউন লাইনের উপর একটি অটো দাঁড়িয়ে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যে বিপদের আঁচ পেয়ে জরুরি ব্রেক কষেন তিনি। অটোর কয়েক মিটার আগে গিয়ে ট্রেনটি থেমে যায়। এই তৎপরতার ফলেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনে থাকা কয়েকশো যাত্রী।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা। আরপিএফ, রেল ইঞ্জিনিয়ার ও স্থানীয় পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখে। অটোর ভিতরে কোনও চালক বা যাত্রী ছিলেন না। পরে তদন্তে জানা যায়, অভিযুক্ত অটোচালকের নাম সুধী। পুলিশের প্রাথমিক অনুমান, রেললাইন পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে ধাক্কা মারেন তিনি। ফলে অটোটি উল্টে গিয়ে রেললাইনের উপর পড়ে থাকে।
আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। জানা গিয়েছে, ঘটনার সময় চালক মত্ত অবস্থায় ছিলেন। অটো উল্টে যাওয়ার পর সাহায্য করার বদলে গাড়ি রেললাইনে ফেলে রেখে পালিয়ে যান তিনি এবং ফের মদ্যপানে ব্যস্ত হয়ে পড়েন। পরে তাঁকে আটক করা হয়।
ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়। রাত ১১টা ১৫ মিনিট নাগাদ ফের যাত্রা শুরু করে বন্দে ভারত এবং রাত ১১টা ৫০ মিনিটে নিরাপদে তিরুঅনন্তপুরম পৌঁছয় ট্রেনটি। রেল সূত্রে জানানো হয়েছে, যাত্রী ও রেলকর্মীদের কেউই আহত হননি।






