পড়ুয়াদের প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ করে দিতে ২০২২ সালে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প চালু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় একাদশ শ্রেণির পড়ুয়াদের মোবাইল ফোন কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হত। তবে পড়াশোনার ক্ষেত্রে পড়ুয়াদের হাতে মোবাইল ফোন থাকা নিয়ে আপত্তি রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার হাওড়ার একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে তাঁর বক্তব্যে উঠে এল বিকল্প ব্যবস্থার ইঙ্গিত। পড়ুয়াদের মোবাইলের বদলে শিক্ষামূলক ট্যাব দেওয়ার পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা চলছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
প্রযুক্তির সঙ্গে শিক্ষাব্যবস্থার সম্পর্ক গত কয়েক বছরে আরও গভীর হয়েছে। বিশেষ করে করোনাকালে স্কুল বন্ধ থাকায় অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনার সঙ্গে মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডিভাইস সরাসরি যুক্ত হয়ে যায়। সেই সময় পড়ুয়াদের প্রয়োজনের কথা মাথায় রেখে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছিল।
তবে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে পড়াশোনার বদলে পড়ুয়াদের নেটদুনিয়ায় আসক্ত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বর্তমান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার হাওড়ার স্কুলের অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেন, পড়ুয়াদের সারাদিন মোবাইলে ডুবে থাকা তাঁর পছন্দ নয়। সেই কারণেই শিক্ষার কাজে ব্যবহারযোগ্য বিশেষ ধরনের ট্যাব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।
এই শিক্ষামূলক ট্যাব সাধারণ ট্যাবের তুলনায় মূলত পড়াশোনার প্রয়োজনকে মাথায় রেখে তৈরি করা হয়। বড় ডিসপ্লে থাকায় ই-বুক, পড়াশোনার বিভিন্ন উপকরণ ও অন্যান্য শিক্ষামূলক বিষয় দেখতে সুবিধা হয়। পাশাপাশি এতে থাকতে পারে বিশেষ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে ইচ্ছেমতো গেমিং বা সোশাল মিডিয়ার অ্যাপ ডাউনলোডের সুযোগ সীমিত রাখা সম্ভব। নির্দিষ্ট শিক্ষামূলক অ্যাপ, ই-বুক ও প্রয়োজনীয় কনটেন্ট ব্যবহারের জন্যই ডিভাইসটি সীমাবদ্ধ রাখা যায়। কিছু ক্ষেত্রে অভিভাবকরাও এই ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন।
মুখ্যমন্ত্রীর এই ভাবনাকে ঘিরে শিক্ষক ও অভিভাবকদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাঁদের মতে, পড়াশোনার জন্য প্রযুক্তির ব্যবহার বজায় রেখেও যদি অপ্রয়োজনীয় অনলাইন আসক্তি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে তা পড়ুয়াদের জন্য কার্যকর হতে পারে।







