খেলাধুলা

ব্রাজিল ম্যাচের আগে টিকিট বড় অফার, বদলে যাচ্ছে যুবভারতীর গ্যালারির নিয়ম

আর মাত্র দু’দিনের অপেক্ষা। তারপরই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মাঠে নামতে চলেছে ব্রাজিল ফুটবল দল। ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক, ড্যানিলোদের সামনে থেকে দেখার সুযোগ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে শহরে। এরই মধ্যে ম্যাচের আগে সমর্থকদের জন্য এল বিশেষ টিকিট অফার। একটি টিকিট কিনলেই মিলবে দ্বিতীয় একটি টিকিট। ম্যাচ শুরুর ঠিক আগে এমন অফার ফুটবলপ্রেমীদের উন্মাদনা আরও বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।

সমর্থকদের জন্য এই অফারটি এনেছে বিপণন সংস্থা স্টাইলবাজার। District অ্যাপের মাধ্যমে ম্যাচের টিকিট কেনা যাচ্ছে। অফার পেতে হলে অ্যাপে একসঙ্গে দুটি টিকিট কিনে অফার সেকশনে গিয়ে ‘STYLEBAAZAR50’ কোডটি দিতে হবে। তাহলেই একটি টিকিটের মূল দাম মকুব হয়ে যাবে। অর্থাৎ দিতে হবে শুধু একটি টিকিটের দাম এবং তার সঙ্গে প্রযোজ্য GST। জানা গিয়েছে, সর্বনিম্ন টিকিটের দাম ৩৫০০ টাকা। প্রায় ৬০ হাজার দর্শক মাঠে বসে ম্যাচ দেখতে পারবেন। ফলে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে মাঠে যাওয়ার পরিকল্পনা করছেন অনেকেই। যদিও এখনও পর্যন্ত মোট কতগুলি টিকিট বিক্রি হয়েছে, সেই পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এদিকে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ ঘিরে যুবভারতীর গ্যালারিতেও আসছে একাধিক পরিবর্তন। এবারই প্রথম নির্দিষ্ট আসন নম্বর চালু হচ্ছে স্টেডিয়ামে। এতদিন কোনও একটি ব্লকের টিকিট থাকলে সেই ব্লকের পছন্দমতো আসনে বসতে পারতেন দর্শকরা। কিন্তু এবার সেই নিয়মে বদল আসছে। টিকিটে যে আসন নম্বর থাকবে, দর্শকদের সেই নির্দিষ্ট আসনেই বসতে হবে।

ম্যাচের আগে যুবভারতীর পরিকাঠামোতেও জোর দেওয়া হচ্ছে। তৈরি হচ্ছে নতুন ডাগআউট ও ড্রেসিংরুম। উন্নত করা হচ্ছে পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা। মাঠের ঘাসের মানও বাড়ানোর কাজ চলছে। পাশাপাশি জানা যাচ্ছে, গোলপোস্টের দু’দিকে অর্থাৎ B এবং D গ্যালারির দিকে বসানো হতে পারে জায়ান্ট স্ক্রিন।

সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতায় পৌঁছতে পারে ব্রাজিল দল। তবে চোটের কারণে দলের সঙ্গে থাকছেন না বার্সেলোনার তারকা রাফিনহা। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ব্রাজিলের শহরে পৌঁছনোর কথা। অন্যদিকে বুধবার রাতেই কলকাতায় আসার কথা উরুগুয়ে দলের। সূত্রের খবর, ব্রাজিলের থাকার ব্যবস্থা করা হয়েছে জে ডব্লিউ ম্যারিয়টে এবং উরুগুয়ে থাকবে তাজ বেঙ্গলে।

দুই দলের সফর ঘিরে রয়েছে একাধিক কর্মসূচিও। সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সঙ্গে নৈশভোজ—সব মিলিয়ে ব্যস্ত সূচি রয়েছে। বিশ্ব ফুটবলের দুই দলের কলকাতা সফর ঘিরে উত্তেজনা তুঙ্গে। এখন দেখার, এই আন্তর্জাতিক ম্যাচ থেকে ভারতীয় ফুটবলের উন্নতির ক্ষেত্রে নতুন কোনও সুযোগ তৈরি হয় কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.