বাড়িতে মা-বাবা ছিলেন না। সেই সুযোগে প্রতিবন্ধী নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার ৪ নম্বর স্যান্ডেলবিল এলাকায় এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে দুই বোন একা ছিল। সেই সময় এলাকার বাসিন্দা আশিক সর্দার নামে বছর পঁচিশের এক যুবক বাড়িতে আসে। অভিযোগ, এরপর নাবালিকাকে সঙ্গে নিয়ে নির্জন এলাকায় চলে যায় সে।
পরিবারের দাবি, নির্জন জায়গায় নিয়ে গিয়ে অভিযুক্ত নাবালিকার উপর যৌন নির্যাতন করে। ঘটনার সময় নাবালিকা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন সেখানে পৌঁছে যান। তাঁদের দেখতে পেয়েই অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়রাই পরে নাবালিকাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।
মেয়েকে ওই অবস্থায় দেখে পরিবারের সদস্যরা হিঙ্গলগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আশিক সর্দারকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাঁকে বসিরহাট আদালতে পেশ করা হয়েছে।
এদিকে, নাবালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে। পরিবারের তরফে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







