চার বছর আগে মৃত্যু হয়েছিল ৮০ বছরের বৃদ্ধের। কিন্তু হয়নি শেষকৃত্য। বরং মৃত্যুর পর থেকেই তাঁর দেহ একটি ক্লিনিকের ফ্রিজারে সংরক্ষণ করে রাখা হয়েছিল বলে অভিযোগ। সম্প্রতি মুম্বইয়ের মালাড পূর্বের কুরার এলাকায় পুলিশের অভিযানে সেই দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে একটি ক্লিনিকে অভিযান চালায় কুরার থানার পুলিশ। সেখানকার ফ্রিজার থেকেই উদ্ধার হয় বৃদ্ধের দেহ। প্রাথমিক তদন্তে জানা যায়, ২০২২ সালে তাঁর মৃত্যু হলেও পরিবারের সদস্যরা এতদিন দেহটি সংরক্ষণ করে রেখেছিলেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে পরিবারের দাবি, পরিবারের প্রধানকে হারানোর শোক তাঁরা মেনে নিতে পারেননি। তাঁদের বিশ্বাস ছিল, ভবিষ্যতে চিকিৎসা ও প্রযুক্তির উন্নতি হলে হয়তো তাঁকে ফের জীবিত করা সম্ভব হতে পারে। সেই আশাতেই দেহটি সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবারের আরও দাবি, ভবিষ্যতে দেহটি আমেরিকার কোনও ক্রায়োনিক্স কেন্দ্রে নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল। তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই বিষয়টি পুলিশের নজরে আসে।
বিশেষজ্ঞদের মতে, ক্রায়োপ্রিজারভেশন বা অত্যন্ত নিম্ন তাপমাত্রায় জৈব উপাদান সংরক্ষণ চিকিৎসাবিজ্ঞানে নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত হলেও, সম্পূর্ণ মানবদেহ সংরক্ষণ করে ভবিষ্যতে তাকে পুনরুজ্জীবিত করার প্রযুক্তি এখনও বাস্তবে কার্যকর হয়নি।
সবচেয়ে বড় প্রশ্ন, এত বছর ধরে একটি ক্লিনিকে মৃতদেহ সংরক্ষণ করে রাখা হলেও বিষয়টি স্থানীয় প্রশাসন বা পুলিশকে কেন জানানো হয়নি। বর্তমানে ওই ক্লিনিকে পুলিশি নজরদারি রয়েছে। মৃত ব্যক্তি ও তাঁর পরিবারের পরিচয় প্রকাশ করা হয়নি।







