দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে সমগ্র শিক্ষা মিশনের অধীন ১৩ ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মচারীর বেতনবৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের শিক্ষাদপ্তর। বুধবার জারি হওয়া এই নির্দেশ অনুযায়ী, বিভিন্ন পদে কর্মরতদের বেতন ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে ১ অক্টোবর থেকে।
কয়েক মাস আগেই বেতনবৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু সরকারি নির্দেশিকা প্রকাশ না হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে বিজ্ঞপ্তি জারি হওয়ায় স্বস্তি ফিরেছে তাঁদের একাংশের মধ্যে।
নতুন নির্দেশ অনুযায়ী, প্রাথমিক স্তরের প্যারাটিচারদের মাসিক বেতন ১১,৯৪১ টাকা থেকে বেড়ে ১৬,৯৪১ টাকা হয়েছে। উচ্চ প্রাথমিক স্তরের প্যারাটিচাররা এবার থেকে পাবেন ২০,৫২৩ টাকা, যা আগে ছিল ১৫,৫২৩ টাকা। শিক্ষাবন্ধুদের বেতনও ৫ হাজার টাকা বেড়ে হয়েছে ১৪,৯৫৪ টাকা। স্পেশাল এডুকেটরদের মাসিক বেতন নির্ধারিত হয়েছে ১৯,৯২৪ টাকা।
শিশুশিক্ষা কেন্দ্রের (এসএসকে) শিক্ষা সহায়ক ও সম্প্রসারকরা এবার থেকে ১৬,৯৪১ টাকা পাবেন। অন্যদিকে, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (এমএসকে) শিক্ষা সম্প্রসারকদের বেতন হবে ২০,৫২৩ টাকা এবং মুখ্যসম্প্রসারকদের বেতন বেড়ে দাঁড়িয়েছে ২২,১৭৮ টাকা। অ্যাকাডেমিক সুপারভাইজাররা পাবেন ১৮,৭৮১ টাকা।
এ ছাড়াও, ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের মাসিক বেতন ৬ হাজার টাকা বেড়ে হয়েছে ২৫,৬৯২ টাকা। জেলা শিক্ষা আধিকারিকদের (ডিইও) পিএ-রা পাবেন ১৯,৭৭৪ টাকা। উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন নির্ধারিত হয়েছে ২০,২১৮ টাকা। পিএম পোষণ প্রকল্পের এডুকেশন সুপারভাইজাররা এবার থেকে মাসে ১৬ হাজার টাকা পাবেন। ম্যানেজমেন্ট কর্মীদের ক্ষেত্রে পদ ও ধাপ অনুযায়ী বেতন ১৪,৮৭০ টাকা থেকে বেড়ে সর্বোচ্চ ৬১,৫৫৮ টাকা পর্যন্ত হয়েছে।
তবে বেতনবৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশের পরেও কয়েকটি দাবি সামনে এসেছে। বর্ষীয়ান কর্মচারী নেতা মনোজ চক্রবর্তী বৃত্তিমূলক শিক্ষকদেরও এই বেতনবৃদ্ধির আওতায় আনার দাবি জানিয়েছেন। শিক্ষক সংগঠন এসটিইএ-র সাধারণ সম্পাদক বাসুদেব দাসের বক্তব্য, মাদ্রাসার অধীন এসএসকে ও এমএসকে শিক্ষকেরা গত তিন মাস ধরে বেতন পাননি। তাঁদের বকেয়া বেতন দ্রুত মেটানোর দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সুফিয়ান পাইকের দাবি, সরকারি মাদ্রাসায় কর্মরত ১৫৬ জন আইসিটি কম্পিউটার প্রশিক্ষক গত ১০ মাস ধরে বেতন পাচ্ছেন না। তাঁদের সমস্যারও দ্রুত সমাধান চেয়েছেন তিনি। ফলে বেতনবৃদ্ধির বিজ্ঞপ্তিতে একাংশের স্বস্তি মিললেও, বকেয়া বেতন ও অন্যান্য কর্মীদের দাবি ঘিরে প্রশ্ন এখনও রয়ে গেল।







