খেলাধুলা

ঈশানের ব্যাটে চাপে দক্ষিণাঞ্চল, দলীপ ট্রফি জয়ের পথে পূর্বাঞ্চল

দলীপ ট্রফির ফাইনালে ব্যাট হাতে দুর্দান্ত দাপট দেখিয়েছেন ঈশান কিষাণ। তাঁর ২৭০ রানের দুরন্ত ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৭০৮ রানের পাহাড় গড়েছে পূর্বাঞ্চল। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচের প্রথম দু’দিন কার্যত ব্যাটিংয়ের আধিপত্য বজায় রেখেছে ইস্ট জোন। ঈশানের দীর্ঘ ইনিংস যে তিলক ভার্মা এবং তাঁর বোলিং ইউনিটকে যথেষ্ট ক্লান্ত করে দিয়েছে, তা বলাই যায়।

এরপরই প্রশ্ন উঠেছিল, পাঁচ দিনের ম্যাচে এতক্ষণ ব্যাট করার পর পূর্বাঞ্চলের বোলাররা কি শেষ পর্যন্ত দক্ষিণাঞ্চলের ২০টি উইকেট তুলে নিতে পারবেন? তবেটি টুর্নামেন্টের নিয়ম মাথায় রেখেই নিজেদের পরিকল্পনা সাজিয়েছিল বৈভব সূর্যবংশীরা। আর সেই কৌশলই এখন কার্যত সাফল্যের মুখ দেখছে।

বিসিসিআইয়ের লাল বলের নকআউট ম্যাচের নিয়ম অনুযায়ী, দলীপ ট্রফি কিংবা রঞ্জি ট্রফির ফাইনাল নির্ধারিত পাঁচ দিনের শেষে ড্র হলে প্রথম ইনিংসে যে দল এগিয়ে থাকবে, তাকেই বিজয়ী ঘোষণা করা হয়। ফলে বর্তমান পরিস্থিতিতে খেতাব জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে পূর্বাঞ্চল।

ফাইনালে দক্ষিণাঞ্চলকে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করতে হলে প্রথম ইনিংসে অন্তত ৭০৯ রান তুলতে হবে। তার আগে যদি দক্ষিণাঞ্চল অলআউট হয়ে যায় এবং ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়, সেক্ষেত্রে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হবে পূর্বাঞ্চল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণাঞ্চলের স্কোর ২০৬/৫। অধিনায়ক তিলক ভার্মা ৩৭ রানে অপরাজিত রয়েছেন।

পূর্বাঞ্চলের ৭০৮ রানের বিশাল স্কোরের অন্যতম প্রধান কারিগর ঈশান কিষাণ। ৩৩৪ বলের মোকাবিলা করে ২৭০ রানের ম্যারাথন ইনিংস খেলেছেন ঝাড়খণ্ডের এই বাঁহাতি ব্যাটার। এই ইনিংসের সৌজন্যে এক মরশুমে সব ফরম্যাটেই সেঞ্চুরি করার নজির গড়েছেন তিনি।

২০২৪ সালে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ঈশান। এরপর নিজের ব্যাটিং নিয়ে ধারাবাহিকভাবে পরিশ্রম করেছেন তিনি। দলীপ ট্রফির ফাইনালে তাঁর ব্যাটিংয়ের মধ্যেই সেই কঠোর পরিশ্রমের ফল স্পষ্ট হয়ে উঠেছে।

ফাইনাল শেষ হতে এখনও দু’দিন বাকি। কিন্তু এর মধ্যেই প্রথম ইনিংসে ৫০৫ রানে পিছিয়ে পড়েছে দক্ষিণাঞ্চল। হাতে রয়েছে মাত্র পাঁচটি উইকেট। ম্যাচে টিকে থাকার জন্যও এখন তাদের প্রয়োজন আরও ৫০৬ রান। সেই রান তুলতে ব্যর্থ হলেই খেতাবের দৌড়ে তিলক ভার্মাদের অবস্থান অত্যন্ত কঠিন হয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.