রাজ্য

বক্সার জঙ্গলে ফিরল রয়্যাল বেঙ্গল! প্রাকৃতিক ঘেরাটোপে পা রাখতেই সামনে হরিণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। বক্সার জঙ্গলে ফের শুরু হল বাঘ পুনর্বাসনের প্রক্রিয়া। বিহারের বাল্মীকি ব্যাঘ্রপ্রকল্প থেকে আনা তিন বছরের একটি রয়্যাল বেঙ্গল বাঘিনিকে শুক্রবার বক্সার জঙ্গলের বিশেষ প্রাকৃতিক ঘেরাটোপে ছাড়া হল। রাজ্যের ব্যাঘ্র পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ।

দীর্ঘ পথ পেরিয়ে বক্সায় পৌঁছেছিল বাঘিনিটি। বিহার থেকে সড়কপথে গোরক্ষপুর, সেখান থেকে বিশেষ বিমানে হাসিমারা হয়ে তাকে আনা হয় বক্সায়। যাত্রার ধকলের কারণে প্রথম দিন বিশ্রামে রাখা হয়েছিল তাকে। এরপর নতুন পরিবেশে তার গতিবিধি নজরে রাখতে শুরু করেন বনকর্তা ও বিশেষজ্ঞরা।

বক্সার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ঘেরাটোপের জলাশয়ে নেমে স্নান করতেও দেখা গিয়েছে বাঘিনিকে। গোপন ক্যামেরায় ধরা পড়েছে তার স্বাভাবিক চলাফেরার ছবি। এমনকি ঘেরাটোপে ছাড়ার পর তার সামনে হরিণের উপস্থিতিও নজর কেড়েছে।

তবে আপাতত গভীর জঙ্গলে ছাড়া হচ্ছে না তাকে। প্রথম ধাপে ‘সফট রিলিজ’-এর মাধ্যমে প্রাকৃতিক ঘেরাটোপে রাখা হয়েছে বাঘিনিকে। মানুষের সংস্পর্শ থেকে দূরে রেখে তার শিকার করার দক্ষতা, আচরণ এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা পর্যবেক্ষণ করা হবে। সবকিছু স্বাভাবিক থাকলে পরবর্তী ধাপে তাকে মুক্ত জঙ্গলে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

২০১৮ সালের পর বক্সায় কোনও স্থায়ী বাঘের অস্তিত্বের প্রমাণ মেলেনি। যদিও পরবর্তী সময়ে ট্র্যাপ ক্যামেরায় একাধিকবার বাঘের ছবি ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে, সেগুলি সম্ভবত ভুটান বা অসমের মানস জাতীয় উদ্যানের দিক থেকে সাময়িকভাবে বক্সায় ঢুকেছিল।

এবার তাই বাঘিনির স্থায়ী পুনর্বাসনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বক্সায় বাঘের বংশবৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে আরও বাঘ আনার পরিকল্পনা রয়েছে বন দফতরের। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের সহযোগিতায় প্রাথমিক পর্যায়ে একটি পুরুষ ও দু’টি বাঘিনি আনার পরিকল্পনা রয়েছে। আগামী দু’বছরে আরও কয়েকটি বাঘ বক্সায় আনার লক্ষ্যও রয়েছে।

বন দফতরের এই উদ্যোগ সফল হলে বক্সার জঙ্গলের বাস্তুতন্ত্রে নতুন ভারসাম্য তৈরি হওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের পর্যটনেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.