লাদাখের ভৌগোলিক পরিচিতি আরও স্পষ্ট করতে সরকারি মানচিত্রে ২৮টি গুরুত্বপূর্ণ স্থান ও ভৌগোলিক বৈশিষ্ট্যকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি বিবৃতি অনুযায়ী, ভারতের সার্ভে বিভাগের মানচিত্রে নির্দিষ্ট ও স্বীকৃত নামের মাধ্যমে এই স্থানগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকাগুলির পরিচিতি আরও স্পষ্ট হবে এবং সংবেদনশীল সীমান্ত অঞ্চল সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়বে বলে মনে করছে কেন্দ্র।
চিহ্নিত স্থানগুলির মধ্যে রয়েছে পূর্ব লাদাখের গোগরা ও হট স্প্রিং। ২০২০ সালে ভারত-চিন সীমান্তে উত্তেজনার সময় এই দুই এলাকা বিশেষ গুরুত্ব পেয়েছিল। সীমান্তে ভারতীয় সেনার টহল এবং নিরাপত্তার দিক থেকেও অঞ্চলগুলির কৌশলগত গুরুত্ব রয়েছে।
এ ছাড়াও তালিকায় রয়েছে আলিশা গিরি, ব্রাংসা, চ্যাপচিংগাল পাস, কানিষ্কা পিক, কারুণ পির পর্বত, কুকসেল, মার্তণ্ড গিরি, পারপিক হিমবাহ, স্কামরি হিমবাহ, শাচমিরিক পাস, শকোরগা উপত্যকা, জোরাওয়ার পিক, ডেহরা কম্পাস ও দ্রাক কার্পোর মতো বিভিন্ন ভৌগোলিক স্থান।
তালিকায় আরও রয়েছে জোলমোরি, কুমারায়ানা পয়েন্ট, পাংলুং, রিনচেন জাংপো এবং শাক্যশ্রী গিরি-সহ একাধিক এলাকা। সরকারি মানচিত্রে এই স্থানগুলির নাম নির্দিষ্ট করার মাধ্যমে লাদাখের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে আরও সুস্পষ্টভাবে নথিভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এই পদক্ষেপের ফলে সীমান্তের সামরিক পরিস্থিতিতে সরাসরি কী পরিবর্তন হবে, সে বিষয়ে সরকারি বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।







