জেলা

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ভোট নন্দীগ্রামে, টোটোয় চেপে বুথে শুভেন্দু! দিলেন বড় বার্তা

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিতে নিজের পুরনো কেন্দ্র নন্দীগ্রামে হাজির হলেন শুভেন্দু অধিকারী। টোটোয় চেপেই বুথে পৌঁছন মুখ্যমন্ত্রী। নন্দনায়েকবারের ভোটার হিসেবে নিজের বুথে গিয়ে ভোট দেওয়ার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য বিনিময়ও করেন তিনি।

বুথে বিজেপি প্রার্থী হাসিরানি রথও উপস্থিত ছিলেন। ভোট দিয়ে বেরনোর সময় মুখ্যমন্ত্রীকে দেখতে উৎসাহী মানুষের ভিড় জমে যায়। কয়েকজন তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে এলে তাঁদের সঙ্গে সেলফিও তোলেন শুভেন্দু।

তবে ভোটকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কোনও রাজনৈতিক মন্তব্য করেননি তিনি। ভোট দেওয়ার পর নন্দীগ্রামের মানুষের সঙ্গে তাঁর সম্পর্কের কথাই তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, দায়িত্ব বদলালেও নন্দীগ্রামের সঙ্গে তাঁর সম্পর্ক বদলাবে না।

শুভেন্দুর কথায়, নন্দনায়েকবার এবং নন্দীগ্রামের প্রতি তাঁর যে অঙ্গীকার ছিল, তা আগের মতোই রয়েছে। জগদ্ধাত্রী পুজোয় প্রতি বছর নন্দীগ্রামে আসেন, এবারও আসবেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁর পোশাক বা জীবনযাপনে কোনও পরিবর্তন হয়নি বলেও দাবি করেন শুভেন্দু।

ভোট চলাকালীন ফলাফল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। তবে নন্দীগ্রামে প্রায় ৮৫ শতাংশ ভোট পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে নিজের রাজনৈতিক পরিচয়ের বাইরে নন্দীগ্রামের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও স্পষ্ট করে দেন শুভেন্দু। বর্তমানে ভবানীপুরের বিধায়ক হলেও আমৃত্যু নন্দীগ্রামের ভোটার হয়ে থাকতে চান বলে জানান তিনি।

এদিকে সকাল ১১টা পর্যন্ত নন্দীগ্রামে ভোট পড়েছে প্রায় ৪৪ শতাংশ। একই সময়ে রেজিনগরে ভোটদানের হার প্রায় ৩৯ শতাংশ। ফলে ভোটের শুরুতেই দুই কেন্দ্রের জমজমাট লড়াইয়ের ছবি স্পষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.