সকালে আচমকাই ধোঁয়ায় ঢেকে গেল সাউথ সিটি আবাসনের একাংশ। অভিজাত এই আবাসনের টাওয়ার থ্রি-র ২৭ তলায় আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। নিরাপত্তার স্বার্থে গোটা টাওয়ারের বাসিন্দাদের দ্রুত নিচে নামিয়ে আনা হয়। দমকলের প্রাথমিক তৎপরতায় আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন লাগার ঘটনা নজরে আসে। প্রথমে আবাসনের নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। খবর দেওয়া হয় যাদবপুর থানার পুলিশ এবং দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মীরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে বহুতলের বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়। পৌঁছয় CESC-র প্রতিনিধিরাও।
দমকলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ২৭ তলায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আবাসনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া। সেই কারণে প্রথম থেকেই উদ্ধার ও নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আগুন যাতে বহুতলের অন্য কোনও অংশে ছড়িয়ে না পড়ে, সেদিকেও নজর রাখেন দমকলকর্মীরা।
ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্সও রাখা হয়। দমকলের তরফে জানানো হয়েছে, আগুন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তবে কোথাও নতুন করে আগুনের কোনও অংশ বা পকেট ফায়ার রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কী কারণে বহুতলের ২৭ তলায় আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর পাওয়া গিয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য মেলেনি। আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে আবাসনের বাসিন্দাদের মধ্যে।







