পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এক ব্লকের পিচকুড়ি গ্রাম আবারও কেঁপে উঠল বোমা উদ্ধারের ঘটনায়। শনিবার বিকেলে গ্রামীণ সড়কের ধার থেকে উদ্ধার হয় ৭-টি তাজা বোমা।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এই পিচকুড়ি এলাকা বোমার আঁতুড়ঘর হিসেবে পরিচিত। ফলে ফের বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামজুড়ে। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বের আঁচেই এলাকায় বোমা মজুত করা হচ্ছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আউশগ্রাম থানার পুলিশ। চারদিক ঘিরে ফেলে এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু হবে।
এদিকে এই ঘটনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক-বিরোধী একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে। তবে গ্রামবাসীদের একটাই প্রশ্ন— “আমাদের নিরাপত্তা কে দেবে?”
আগামী বিধানসভা নির্বাচন ঘিরে বোমা উদ্ধারের এই ঘটনা বড় ইঙ্গিতবাহী বলেই মনে করছে রাজনৈতিক মহল।







