ক্রাইম

কোণঠাসা হয়ে গ্রামবাসীকে গুলি করে খুন পলাতক এএসআই-এর! মধুবনীতে ধুন্ধুমার, অভিযুক্ত পুলিশ কর্মী বরখাস্ত

আইন রক্ষকই যখন ভক্ষক! বিহারের মধুবনী জেলায় এক পুলিশ অফিসারের চরম লালসা ও নির্মমতার খতিয়ান ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। খনি এলাকা পাহারা দেওয়ার দায়িত্বে থাকা এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI)-এর বিরুদ্ধে মধ্যরাতে এক নারীর ঘরে অনুপ্রবেশ এবং গ্রামবাসীদের হাত থেকে বাঁচতে নির্বিচারে গুলি চালিয়ে এক ব্যক্তিকে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই ওই পুলিশ কর্মীকে বরখাস্ত করে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
ঘটনাটি ঘটেছে মধুবনীর বলীরাজগড় গ্রামে, রাত আনুমানিক ১টা নাগাদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত এএসআই চন্দ্র মোহন সিং খনি এলাকার ডিউটি ছেড়ে কু-মতলব নিয়ে এক নারীর ঘরে প্রবেশ করেছিলেন। গ্রামবাসীরা বিষয়টি টের পেয়ে তৎক্ষণাৎ বাড়িটি ঘিরে ফেলেন এবং ওই অফিসারকে একটি ঘরে আটকে রাখেন। নিজেকে সম্পূর্ণ কোণঠাসা বুঝতে পেরে গ্রামবাসীদের হাত থেকে পালাতে নিজের সার্ভিস রিভলভার বের করেন চন্দ্র মোহন। এরপরই শুরু হয় এলোপাথাড়ি গুলিবর্ষণ। ঘটনাস্থলেই চারজন গুরুতর জখম হন, যাদের মধ্যে ৫০ বছর বয়সী অশোক যাদব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি তিনজনের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক।
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত এএসআই। মধুবনীর এসএসপি যোগেন্দ্র কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে দ্রুত গ্রেফতার করতে বিশেষ টিম গঠন করা হয়েছে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল (RJD) নেতা তেজস্বী যাদব। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ ক্ষোভ উগরে দিয়ে তেজস্বী অভিযোগ করেন, “বর্তমান সরকারের আমলে পুলিশ বাহিনীই এখন অপরাধীতে পরিণত হয়েছে।” তাঁর দাবি, ওই এএসআই ধর্ষণের উদ্দেশ্যে নারীর ঘরে ঢুকেছিলেন এবং বাধা পেয়েই গুলি চালান। এই ঘটনায় অশোক যাদব ও ফুলো দেবী নামে দুজনের মৃত্যু হয়েছে দাবি করে তেজস্বী প্রশ্ন তোলেন, মধুবনীতে বারবার পুলিশি বর্বরতার ঘটনা ঘটার পরেও কেন জেলা শাসক (DM) বা পুলিশ সুপার (SP)-কে বদলি করা হচ্ছে না? এই বর্বরোচিত ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে থমথমে গোটা মধুবনী জেলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.