জেলা

খড়্গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ খুলতেই চমকে গেল GRP! উদ্ধার ১ কোটি ৪০ লক্ষ টাকা, কোথা থেকে এল বিপুল নগদ?

সাধারণ যাত্রীর মতোই স্টেশনের বেঞ্চে বসে অপেক্ষা করছিলেন এক ব্যক্তি। গন্তব্য ছিল হাওড়া। কিন্তু তাঁর ব্যাগ ঘিরেই শেষ পর্যন্ত তুমুল চাঞ্চল্য ছড়াল খড়্গপুর স্টেশনে। সন্দেহ হওয়ায় ওই যাত্রীর কাছে এগিয়ে যান কর্তব্যরত জিআরপি আধিকারিকরা। ব্যাগে কী রয়েছে জানতে চেয়ে তল্লাশি চালাতেই সামনে আসে বিপুল পরিমাণ নগদ টাকা। প্রাথমিক হিসাব অনুযায়ী, ওই ব্যাগ থেকে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনাটি বুধবার বেলা ১১টা নাগাদ। খড়্গপুর স্টেশনে এসে পৌঁছয় জনশতাব্দী এক্সপ্রেস। ওই ট্রেন থেকেই নামেন রাহুল সোনি নামে এক যাত্রী। এরপর হাওড়া যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন তিনি। সেই সময় ৭ ও ৮ নম্বর প্ল্যাটফর্মে টহল দিচ্ছিলেন জিআরপির কর্মীরা।

প্ল্যাটফর্মে বসে থাকা ওই ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা। ব্যাগের ভিতরে কী রয়েছে, তা জানতে চান তাঁরা। ব্যাগ খুলতেই একের পর এক ৫০০ টাকার নোটের বান্ডিল নজরে আসে পুলিশের। এত বিপুল পরিমাণ নগদ দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে।

কোথা থেকে এল এই টাকা? কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ নগদ নিয়ে হাওড়ার দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। টাকার উৎস এবং তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে রেল পুলিশ। এর পিছনে কোনও আর্থিক অনিয়ম বা সংগঠিত চক্রের যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও তদন্তের আওতায় রয়েছে।

খড়্গপুরের মতো গুরুত্বপূর্ণ রেলস্টেশনে এভাবে বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে উদ্ধার হওয়া টাকার উৎস ও মালিকানা সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.