উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছিল একাধিক বিএড কলেজ। তবে সেই প্রতিষ্ঠানগুলির বৈধতা ও পরিকাঠামো নিয়ে আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই কলেজগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছিল। এবার সেই অবস্থান আরও স্পষ্ট করে একাধিক বিএড কলেজে পড়ুয়া ভর্তি বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার।
বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষে রাজ্যের ২০৫টি বিএড কলেজে কোনও পড়ুয়াকে ভর্তি করা যাবে না। একইভাবে ১৪টি আইটিআই এবং ৩৮টি ফার্মা কলেজেও ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি একটি পলিটেকনিক কলেজেও নতুন করে ছাত্রছাত্রী ভর্তি করা যাবে না।
উল্লেখ্য, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে রাজ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। কিন্তু এবার ২০২৬-২৮ শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট বিএড কলেজগুলিতে একজন পড়ুয়াকেও ভর্তি নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
রাজ্যের বিএড কলেজগুলির শিক্ষার মান ও পরিকাঠামো নিয়ে আগেই সরব হয়েছিলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। শিক্ষা ব্যবস্থার নামে একাংশের প্রতিষ্ঠানে চরম অব্যবস্থার অভিযোগ তুলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সেই সূত্রে রাজ্যের ৪৫০টিরও বেশি বিএড কলেজকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়। পাশাপাশি উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা বিভিন্ন কলেজ পরিদর্শন করেন।
মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিএড, আইটিআই, পলিটেকনিক এবং ফার্মা কলেজগুলিতে উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে দু’দফায় পরিদর্শন চালানো হয়েছে। তবে তাঁর বক্তব্য, এই সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং কলেজগুলি নিজেদের পরিকাঠামো ও শিক্ষার মান উন্নত করার বিষয়টি প্রমাণ করতে পারলে আগামী শিক্ষাবর্ষে ফের ভর্তির অনুমতি পাওয়ার সুযোগ থাকবে।







