সরকারি হাসপাতালে চিকিৎসায় বড়সড় গাফিলতির অভিযোগ উঠল জলপাইগুড়িতে। রক্তের গ্রুপ নিয়ে ভয়াবহ বিভ্রান্তির জেরে দুই রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠেছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, A পজিটিভ রক্তের প্রয়োজন ছিল যে রোগীর, তাঁকে দেওয়া হয়েছে AB পজিটিভ রক্ত। আবার AB পজিটিভ রোগীর শরীরে দেওয়া হয়েছে A পজিটিভ রক্ত। রক্ত দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন দু’জন। ঘটনায় হাসপাতালের পরিষেবা ও রক্ত সঞ্চালন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ঘটনার প্রথম অভিযোগটি রানিনগর মোড় এলাকার বাসিন্দা ৬০ বছরের বুনিল রায়কে ঘিরে। তাঁর রক্তের গ্রুপ A পজিটিভ। রক্তাল্পতার কারণে চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে এক ইউনিট রক্ত দেওয়া হয়। কিন্তু দ্বিতীয় ইউনিট রক্ত শরীরে প্রবেশ করার সময়ই অস্বস্তি শুরু হয় তাঁর। পরিবারের সদস্যরা রক্তের প্যাকেট পরীক্ষা করে দেখেন, সেখানে AB পজিটিভ লেখা রয়েছে। এরপরই বিষয়টি চিকিৎসকদের নজরে আনেন তাঁরা।
রোগীর ভাই উপেন চন্দ্র শর্মার অভিযোগ, তাঁর দাদার জন্য A পজিটিভ রক্তের প্রয়োজন ছিল। সেই মতো রক্তের ব্যবস্থা করা হলেও অন্য গ্রুপের রক্ত দেওয়া হয়। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে, একই হাসপাতালে ভুল রক্ত পাওয়ার অভিযোগ উঠেছে ৬১ বছরের বীরেন্দ্র নাথ শর্মার ক্ষেত্রেও। তিনি কচুয়া বোয়ালমারী গ্রামের বাসিন্দা। তাঁর রক্তের গ্রুপ AB পজিটিভ। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা তাঁকে রক্ত দেওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা রক্তদাতার ব্যবস্থা করে প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করেন।
কিন্তু অভিযোগ, রক্ত সঞ্চালন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন বীরেন্দ্রনাথ। পরিবারের সদস্যরা রক্তের প্যাকেট পরীক্ষা করে দেখেন, তাঁকে A পজিটিভ রক্ত দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে নার্সদের বিষয়টি জানান তাঁরা। পরে রোগীকে CCU-তে স্থানান্তরিত করা হয়।
একই হাসপাতালে পরপর দুই রোগীর ক্ষেত্রে এমন অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। রোগীদের পরিবারের তরফে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। বিষয়টি জলপাইগুড়ির বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারীর নজরে আসতেই তিনি ক্ষোভ প্রকাশ করেন। ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।
কীভাবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রক্তের গ্রুপ যাচাইয়ে এমন ভুল হল, উঠছে সেই প্রশ্ন। রক্ত সঞ্চালনের আগে প্রয়োজনীয় পরীক্ষা ও রোগীর পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া ঠিকমতো অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা জরুরি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ জানতে হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তের দিকেই এখন নজর রোগীর পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের।







