ক্রাইম

মহারাষ্ট্রে বিমানসেবিকা খুনে নয়া মোড়: জিজ্ঞাসাবাদের মুখে মৃতার বন্ধু ও ভগ্নিপতি

উৎসবের মরসুমে বাপের বাড়িতে বেড়াতে এসেছিলেন আড়াই বছরের মেয়েকে নিয়ে। কিন্তু সেই আনন্দযাত্রাই যে জীবনের শেষ সফর হয়ে দাঁড়াবে, তা কল্পনাও করতে পারেননি পুনের বিমানসেবিকা বর্ষা তুর্কার (৩৫)। মহারাষ্ট্রের গন্দিয়া জেলার নির্জন ওয়াইনগঙ্গা নদীর তীর থেকে উদ্ধার হল তাঁর রক্তাক্ত দেহ। পিঠে ধারালো অস্ত্রের চারটি গভীর ক্ষত! নিছক ছিনতাই নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? ঘটনার পর থেকেই দানা বাঁধছে একাধিক রহস্য।
গত ১৪ নভেম্বর। দিওয়ালির ছুটিতে কিনহি গ্রামে বাপের বাড়িতে এসেছিলেন বর্ষা। সেদিন বিকেলে কলেজ জীবনের পুরনো বন্ধু রিতেশ আগরওয়ালের সঙ্গে বন্দরানি গ্রামে ওয়াইনগঙ্গা নদীর তীরে ঘুরতে গিয়েছিলেন তিনি। কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই বদলে যায় দৃশ্যপট।
সন্ধ্যা ৬টা নাগাদ বর্ষার ভগ্নিপতি অশ্বিনী ওরফে পাপ্পু পাটলের ফোনে আসে এক আতঙ্কিত কল। ফোনের ওপারে ছিলেন রিতেশ। তিনি দাবি করেন, নদীর তীরে আচমকাই কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁদের ওপর চড়াও হয়েছে। বর্ষাকে এলোপাথাড়ি কুপিয়ে চম্পট দিয়েছে আততায়ীরা। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বর্ষা।
খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে যান পরিবারের সদস্যরা। রক্তে ভেসে যাওয়া বর্ষাকে উদ্ধার করে তড়িঘড়ি খাইরলাঞ্জি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সন্ধ্যা ৭টা নাগাদ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে এই ঘটনাকে ছিনতাইবাজদের হামলা বলে মনে করা হলেও, তদন্ত এগোতেই উঠে আসছে একাধিক প্রশ্ন। নির্জন নদীর তীরে কেন গিয়েছিলেন তাঁরা? হামলাকারীরা যদি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এসে থাকে, তবে রিতেশ কীভাবে অক্ষত রইলেন?
২০২৪ সালে সমর সৈয়দকে বিয়ে করে পুনেতে সংসার পেতেছিলেন বর্ষা। মেয়ের এমন মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়েছেন বাবা ধুরলাল তুর্কার। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
ইতিমধ্যেই খাইরলাঞ্জি হাসপাতালে বর্ষার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঘটনাস্থল মহারাষ্ট্রের দাওয়ানিওয়াড়া থানার অধীনে হওয়ায় তদন্তভার হাতে নিয়েছে সেখানকার পুলিশ। সত্য উদঘাটনে এবং আততায়ীদের মুখোশ খুলতে বর্ষার সেই পুরনো বন্ধু রিতেশ এবং ভগ্নিপতি অশ্বিনীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে কি চেনা মানুষের আড়ালেই লুকিয়ে রয়েছে আসল খুনি? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.