ক্রাইম

খাস কলকাতায় পাক গুপ্তচরচক্রের হদিস, NIA-এর জালে এন্টালির ব্যবসায়ী

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কলকাতার এন্টালির বাসিন্দা জাফর রিয়াজকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। কলকাতায় জুতোর ব্যবসার আড়ালে সে দীর্ঘদিন ধরে গুপ্তচরচক্র চালাত বলে তদন্তে উঠে এসেছে। জাফরের নামে একাধিক সিম কার্ড তুলে তা পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের কাজে ব্যবহার করা হত বলে অভিযোগ।

তদন্তকারীরা জানিয়েছেন, লাহোরের বাসিন্দা রাবিয়া জাফফারের সঙ্গে জাফরের বিয়ে হয়েছিল। ২০১২ সাল পর্যন্ত দম্পতি কলকাতাতেই থাকতেন। তাদের এক ছেলে ও এক মেয়ে বর্তমানে পাকিস্তানের লাহোরে পড়াশোনা করছে। ওই বছর এক সড়ক দুর্ঘটনার পর জাফরের ব্যবসায় বড় ধাক্কা লাগে। আর্থিক সঙ্কটের কারণে স্ত্রীকে লাহোরে বাপের বাড়ি পাঠিয়ে দেয় সে। এরপর থেকেই পাকিস্তানে তার যাতায়াত বাড়তে থাকে। এমনকি পাকিস্তানের নাগরিকত্ব পাওয়ার চেষ্টাও করছিল জাফর। তদন্তে দাবি, সেই সুযোগেই তাকে টাকার প্রলোভন দিয়ে ভারতের বিরুদ্ধে কাজে লাগায় পাক গুপ্তচর সংস্থা ISI।

পরে কলকাতার বাড়ি বিক্রি করে প্রথমে দিল্লি এবং তারপর পঞ্জাবে ঘাঁটি গড়ে জাফর। তবে ২০২২ সালে পঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেল গোপন সূত্রে খবর পেয়ে জাফর ও তার সহযোগী মহম্মদ শামশেদকে গ্রেফতার করে। শামশেদের বাড়ি বিহারের মধুবনিতে।

তদন্তে আরও জানা গিয়েছে, দেশের বিভিন্ন সেনা ছাউনি, সামরিক দফতর ও জওয়ানদের গতিবিধির ছবি এবং ভিডিও তুলে ISI-কে পাঠাত জাফর। এছাড়াও ভারতের নানা প্রান্ত থেকে ভুয়ো পরিচয়ে সিম কার্ড সংগ্রহ করে তার OTP পাকিস্তানের হ্যান্ডলারদের কাছে পাঠানো হত। সেই নম্বর ব্যবহার করে সুন্দরী মহিলাদের ছবি দিয়ে নকল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা হত।

এরপর ওই ভুয়ো প্রোফাইলের মাধ্যমে ভারতীয় সেনা জওয়ানদের ‘হানি ট্র্যাপ’-এ ফেলার চেষ্টা চালানো হত বলে অভিযোগ। গোটা চক্রের নেপথ্যে জাফরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে এই নেটওয়ার্কের আরও গভীরে পৌঁছনোর চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.