কেন্দ্রের ‘ভাইব্র্যান্ট ভিলেজেস প্রোগ্রাম’-এর হাত ধরে বদলে যাচ্ছে চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের চিত্র। রোববার ইটানগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, উন্নত পরিকাঠামো, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও সৌরবিদ্যুতের সুবিধা পৌঁছে দেওয়ার ফলে সীমান্তের ৪০টি গ্রামে বাসিন্দারা ফিরে আসতে শুরু করেছেন এবং শহরমুখী হওয়ার প্রবণতা পুরোপুরি বন্ধ হয়েছে।
স্থানীয়দের জীবিকা নির্বাহ আরও মজবুত করতে স্বরাষ্ট্র মন্ত্রক ভারতীয় সেনাবাহিনী ও আইটিবিপি-কে (ITBP) নির্দেশ দিয়েছে, যাতে তারা তেজপুর বা গুয়াহাটির বদলে সরাসরি সীমান্তের গ্রামগুলো থেকে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে। ইতিমধ্যেই মহিলা পরিচালিত সমবায় সমিতিগুলো জওয়ানদের জন্য দুধ, ডিম ও সবজি সরবরাহ শুরু করেছে। পাশাপাশি, রাজ্যের উৎপাদিত সমস্ত দুধ ‘আমুল’ (Amul) ও এনডিডিবি (NDDB) কিনে নেবে বলে আশ্বাস দেওয়ার পাশাপাশি জলবিদ্যুৎ প্রকল্পের জলাধারগুলোতে মাছ চাষের পরামর্শও দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এনডিএ আমলে কেন্দ্রীয় সহায়তা বৃদ্ধির ফলে গত ১২ বছরে অরুণাচলের বাজেট ১২,০০০ কোটি থেকে বেড়ে ৩৬,০০০ কোটি টাকায় পৌঁছেছে। ২০২৩ সালে শুরু হওয়া এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০২৮-২৯ অর্থবর্ষ পর্যন্ত ৬,৮৩৯ কোটি টাকা ব্যয়ে দেশের ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১,৯৫৪টি সীমান্তবর্তী গ্রামের সামগ্রিক উন্নয়ন করা হবে।







