জেলা

মালদার কালিয়াচকে যুবকের শরীরে রহস্যজনক সুচ, আতঙ্ক ছড়াল এলাকায়

মালদার কালিয়াচকের সুলতানগঞ্জ মধ্যপাড়ায় এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। মুক ও বধির যুবক হায়দার আলি (২৭)-র শরীরের ভেতর থেকে একের পর এক সুচ বের হচ্ছে বলে দাবি পরিবারের। এক্সরে রিপোর্টে তার হাত, পেট ও পিঠ জুড়ে অসংখ্য সুচ দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে।

হায়দারের স্ত্রী নাসিমা খাতুন জানান, কয়েক মাস আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এক নার্সিংহোমে অস্ত্রোপচারের মাধ্যমে স্বামীর পেট থেকে দুই দফায় মোট ৩৭টি সুচ বের করা হয়েছিল। চিকিৎসার খরচ মেটাতে ইতিমধ্যেই তারা নিঃস্ব হয়ে গেছেন। কীভাবে শরীরে এসব সুচ ঢুকছে, তা তাদের বোধগম্য নয়। পরিবারের ধারণা, কেউ কালাজাদুর মাধ্যমে এমনটা করছে আত্মীয়-পরিজনদের মতে, প্রায় দেড় বছর আগে থেকেই এই অদ্ভুত সমস্যা শুরু হয়েছে। কয়েক মাস আগেও অস্ত্রোপচারে বড় আকারের সুচ বের হলেও আবারও হায়দারের শরীরে সুচ ধরা পড়ছে।

এ ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরাও জানিয়েছেন, এমন অসুখ তারা কখনও শোনেননি। তবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দাবি, এর সঙ্গে কালাজাদুর কোনও সম্পর্ক নেই। মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ্ত ভাদুড়ি জানিয়েছেন, প্রথমেই খতিয়ে দেখা হবে যুবক কোনও সময়ে নেশার সঙ্গে যুক্ত ছিলেন কি না। অনেক ক্ষেত্রে দেখা যায়, ইনজেকশনের সুচ ব্যবহার করে মাদক নেওয়ার ফলে শরীরে অস্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হয়। তাই প্রাথমিকভাবে তাকে মানসিক দিক থেকেও পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও বলেন, মানবদেহের ভেতরে নিজে থেকেই সুচ তৈরি হওয়া সম্ভব নয়। হয়তো যুবক নিজেই অসুস্থতার কারণে শরীরে সুচ প্রবেশ করিয়েছে, অথবা কেউ তাকে সুস্থ করার নাম করে প্রতারণার মাধ্যমে সুচ ঢুকিয়েছে। যেহেতু তিনি মুক ও বধির, তাই প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমানে জেলা স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ দল ঘটনাটি খতিয়ে দেখছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.