ক্রাইম

ভাইরাল ভিডিয়ো ঘিরে অশান্তি, ‘দুর্ঘটনা’র ছক! হাতুড়ির আঘাতে তরুণী খুন, বাবা-দাদার বিরুদ্ধে অভিযোগ

সমাজমাধ্যমে এক তরুণের সঙ্গে তরুণীর ভিডিয়ো ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে পরিবারের অশান্তি। আর তার জেরেই ২২ বছরের এক তরুণীকে খুনের অভিযোগ উঠল তাঁর বাবা ও দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অহমদাবাদের সরখেজ এলাকায়। তদন্তে নেমে পুলিশ দাবি করেছে, খুনের পর ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে দেখানোর চেষ্টা করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম সোফিয়া ফারুখ। বোপালের একটি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। গত ১২ অগস্ট রাতে দাদা হাবিলের সঙ্গে বাইকে ফিরছিলেন সোফিয়া। অভিযোগ, তাঁকে সরখেজের গেলজিপুরার কাছে একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই লোহার হাতুড়ি দিয়ে তাঁর মাথায় একাধিকবার আঘাত করা হয়।

এরপর আহত সোফিয়া ও বাইকটিকে একটি জনবহুল রাস্তার কাছে নিয়ে গিয়ে ঘটনাটিকে দুর্ঘটনার চেহারা দেওয়ার চেষ্টা করা হয় বলে পুলিশের অভিযোগ। পরিবারের তরফে দাবি করা হয়েছিল, পিছন থেকে কোনও অজ্ঞাত গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মেরেছিল।

গুরুতর আহত অবস্থায় সোফিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরদিন, ১৩ অগস্ট তাঁর মৃত্যু হয়।

তদন্তে বদলে গেল ‘দুর্ঘটনা’র গল্প

প্রথমে দুর্ঘটনা হিসেবে তদন্ত শুরু করলেও পুলিশের নজরে আসে একাধিক অসঙ্গতি। ঘটনাস্থলে দুর্ঘটনার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি সিসিটিভি ফুটেজেও ওই সময়ে কোনও গাড়িকে ধাক্কা দিতে দেখা যায়নি বলে পুলিশ সূত্রে দাবি।

তদন্ত এগোতেই পুলিশের সন্দেহ পরিবারের সদস্যদের দিকে যায়। অভিযোগ, হাবিলের পকেটেই আগে থেকে হাতুড়ি রাখা ছিল। পরে বাবা মহম্মদ ফারুখ নবাবখান এবং ছেলে হাবিল মিলে সোফিয়ার উপর হামলা করেন বলে তদন্তকারীদের দাবি।

পুলিশের অনুমান, কয়েক মাস আগে এক তরুণের সঙ্গে সোফিয়ার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবারে অশান্তি শুরু হয়েছিল। সেই ঘটনার জেরেই ‘পরিবারের সম্মান’ রক্ষার নামে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই ঘটনায় বাবা ও ছেলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত অন্য কোনও ব্যক্তি বা প্রমাণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.