নারী ফুটবলের ইতিহাসে অন্যতম সোনালি অধ্যায় লিখে ফেলেছে ইস্টবেঙ্গলের মহিলা দল। আই লিগ জয় করে লাল-হলুদ মহিলা ব্রিগেড শুধু ট্রফি নয়, জিতেছে হাজারো স্বপ্ন, আত্মবিশ্বাস আর সম্ভাবনার যুদ্ধ। কিন্তু সেই জয় উদ্যাপনের দিনেও ফুটবলমাঠে রাজনীতির ছায়া যেন অনিবার্য বাস্তব।
শুক্রবার ক্লাবের মাঠে কেরালা এফসির বিরুদ্ধে শেষ ম্যাচের পর পুরস্কার প্রদান অনুষ্ঠানের পরিকল্পনা করেছে ইস্টবেঙ্গল। ক্লাব চায়, এই মাহেন্দ্রক্ষণে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নিজে উপস্থিত থেকে পুরস্কার তুলে দিন মহিলা ফুটবলারদের হাতে। এর জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠিও দিয়েছে ক্লাব। তবে এখনও মেলেনি কোনও সাড়া।
সম্প্রতি আইএসএল ফাইনালে ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ না জানানো নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। কুণাল ঘোষ সরাসরি অভিযোগ এনেছিলেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মহিলা ফুটবলের মঞ্চেও যেন সেই বিতর্কের সম্ভাবনা ঘনীভূত হচ্ছে।
ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই মহিলা দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই ক্রীড়ামন্ত্রীর উপস্থিতি শুধু রাজনৈতিক দায় নয়, বরং বাংলার হয়ে গর্বের প্রতীক হতে পারে।
ফেডারেশন যদি সময়ে সাড়া না দেয়, তা হলে মহিলা ফুটবলের এই জয়ও হয়তো থেকে যাবে অর্ধেক উদ্যাপনে। আর ফুটবলের মঞ্চে আরও একবার রাজনীতি করে নেবে ‘হ্যান্ডবল’।







