দোরগোড়ায় লোকসভা নির্বাচন। আবার কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচন এগিয়ে নিয়ে আসতে চায় বলে সূত্রের খবর। এহেন আবহে নব আঙ্গিকে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি দ্বিতীয় দফায় শুরু হওয়ার সম্ভাবনা, এমনটাই সূত্রের খবর। এবার আর উক্ত কর্মসূচি শুধু জেলায় সীমাবদ্ধ থাকবে না, গোটা রাজ্যে ঘুরবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে চর্চার রোল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম দফার নবজোয়ার কর্মসূচি শেষ হয় ঝারগ্রামে। বেলপাহাড়ির ইন্দ্রচকে দেখা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য বেলপাহাড়ি বাজারকে তৃণমূলের দলীয় পতাকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত ব্যানারে ছেয়ে ফেলা হয়েছিল। বিনপুর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি চিন্ময় মাহাতো জানিয়েছিলেন, ‘আমাদের বেলপাহাড়ি ব্লকের প্রতিটি অঞ্চলে শুধু সাজসাজ রব।’
সূত্রের খবর, দুর্গাপুজোর পরবর্তীতে এই দ্বিতীয় দফার নবজোয়ার কর্মসূচি হতে পারে। মহাজোট ‘ইন্ডিয়া’কে শক্তিশালী করা এবং বিজেপিকে নয়াদিল্লি থেকে ক্ষমতাচ্যূত করাই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য।







