নিজস্ব সংবাদদাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে জোরকদমে তদন্ত চালাচ্ছে ইডি। কিছুদিন আগেই লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে হানা দিয়েছিলেন ইডির তদন্তকারী অফিসাররা। এবার ঐ অফিসে তল্লাশি চালিয়ে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের নামে দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী অফিসাররা।
ইডির সিজ়ার লিস্ট বা পঞ্চনামা অনুযায়ী, সংস্থার ওই অফিসের তিনটি ডেস্কটপ কম্পিউটারের নথি খতিয়ে দেখে দু’টি কম্পিউটারের হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। এ ছাড়াও আরও অনেক নথি বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে একটি বেসরকারি ব্যাঙ্কের মধ্য কলকাতার একটি শাখায় রুজিরা নারুলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টও। ওই একই ব্যাঙ্কে রুজিরা বন্দ্যোপাধ্যায় নামে থাকা এলাহাবাদ শাখার অ্যাকাউন্টেরও ১৪২ পাতার স্টেটমেন্ট বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা।
মূলত নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর থেকে উদ্ধার নথির ভিত্তিতে ২১ অগস্ট বেলা সাড়ে ১১ টা থেকে পরের দিন ভোর রাত পর্যন্ত প্রায় ১৮ ঘণ্টা নিউ আলিপুরের পি ব্লকে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি চালান ইডির গোয়েন্দারা।ওই সংস্থার ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন হিসাব নিকাশের নথি বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দাদের হাতে এসেছে সংস্থার কর্মীদের প্রোফেশনাল ট্যাক্স সংক্রান্ত নথিও। এর পাশাপাশি, জানা গিয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস তৈরি হওয়ার আগে ওই সংস্থার নাম ছিল অনিমেষ ট্রেড লিঙ্ক। সেই সংস্থা কিনে নেওয়া হয় এবং নাম দেওয়া হয় লিপস অ্যান্ড বাউন্ডস। সেই সমস্ত নথিও বাজেয়াপ্ত করেছে ইডি।সংস্থার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি এবং স্টেটমেন্টও বাজেয়াপ্ত করা হয়েছে।
তল্লাশির তিনদিন পরেই ইডি আধিকারিকদের নামে কলকাতা পুলিশের সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়।তাঁর অভিযোগ, যে সময় ইডি আধিকারিকদের নিয়ন্ত্রণে দফতরের কম্পিউটার গুলি ছিল, সেই সময় ১৬ টি ফাইল ডাউনলোড করা হয়। যেগুলি কোনওভাবেই লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে সংযুক্ত নয়।
কলকাতা পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখছে। অন্যদিকে ওই বাজেয়াপ্ত দুটি হার্ড ডিস্ক এবং মোবাইল থেকে তথ্য উদ্ধারের জন্য সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরটরির বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে ইডি। তল্লাশির সময় ইডি আধিকারিকরা ছাড়াও সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দুই আধিকারিক। বয়ান রেকর্ড করার জন্য ইডি ইতিমধ্যেই তলব করেছে চন্দন বন্দ্যোপাধ্যায়কে।







