জেলা

সুন্দরবনের নদীপথে অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল যৌথ বাহিনী, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র, ধৃত ৪

সুন্দরবনের নদীপথ ব্যবহার করে রাজ্যে অস্ত্র পাচারের একটি বড়সড় চক্রান্ত ভেস্তে দিল ভারতীয় কোস্ট গার্ড, বন দফতর এবং পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চালানো যৌথ অভিযানে একটি মাছ ধরার নৌকা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনায় নৌকায় থাকা চারজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।

তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন নদীপথে সন্দেহজনক নৌযান চলাচলের খবর মিলছিল। সেই তথ্যের ভিত্তিতে নজরদারি আরও জোরদার করা হয়। এরপর যৌথ অভিযানে ‘আইএফবি ঝুমা’ নামে একটি ভারতীয় মাছ ধরার নৌকাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতেই উদ্ধার হয় পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং উল্লেখযোগ্য পরিমাণ কার্তুজ।

অভিযানের সময় নৌকায় থাকা চারজনকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে অস্ত্রগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং সেগুলি কার কাছে পৌঁছানোর পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত, সেই সূত্রও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক অস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছে। হাওড়ার নিশ্চিন্দায় কলকাতা পুলিশের এসটিএফ পাঁচটি আগ্নেয়াস্ত্র ও তিনটি ম্যাগাজিন-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল। আবার উত্তর ২৪ পরগনার অশোকনগরেও সিআইডি এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। সেই ধারাবাহিকতার মধ্যেই সুন্দরবনের নদীপথে এই উদ্ধার অভিযান রাজ্যে বেআইনি অস্ত্র পাচার নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.